অভিযোগ, সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থিত
কামরাঙ্গীরচরে মার্কেটে হামলা অগ্নিসংযোগ, লুটপাট
রাজধানীর কামরাঙ্গীরচরে সন্ত্রাসীরা গতকাল শুক্রবার সকালে একটি মার্কেটে ভাঙচুর, লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থিত বলে অভিযোগ করেছেন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরের সীমানানির্দেশক খালের ঢালে অবস্থিত মাহবুব মার্কেটে অর্ধশতাধিক যুবক রড, লাঠি, হকিস্টিক, রামদা নিয়ে হামলা চালায়। তারা দোকান ও কারখানায় ভাঙচুর ও লুটপাট চালিয়ে তেল ঢেলে অগ্নিসংযোগ করে।মার্কেটের মালিক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচরের ‘নব্য আওয়ামী লীগের’ কিছু সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। গতকাল সকালে কামরাঙ্গীরচরের সন্ত্রাসী সাইদুল, শিপনসহ ৪০ থেকে ৫০ জন লাঠি-হকিস্টিক নিয়ে মার্কেটে এসে প্রথমে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এতে ২০ থেকে ২৫ জন আহত হন। এরপর তারা মার্কেটে অগ্নিসংযোগ করে। মার্কেটে ১৫টি দোকান ও নয়টি কারখানা রয়েছে। তিনি বলেন, সাইদুল ও শিপন পেশাদার সন্ত্রাসী। এখন তারা আওয়ামী লীগ করে। তাদের সন্ত্রাসী গ্রুপ আছে।ফায়ার সার্ভিসের উপপরিচালক মনির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো স্থানীয় লোকজনের জবানবন্দি নিতে পারিনি। তাই বলতে পারছি না কীভাবে আগুনের সূত্রপাত হলো।’ তিনি জানান, মোট সাতটি প্লাস্টিক কারখানা, একটি রঙের দোকান, একটি স্টিলের দোকান ও চারটি কাঠের (টিম্বার) দোকান পুড়েছে।আরেকজন কর্মকর্তা বলেন, এটা স্পষ্ট যে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর ও মারধরের ঘটনাও ঘটেছে। তবে আগুন নেভানোর কাজে কেউ বাধা দেয়নি।ফায়ারম্যান জিয়াউদ্দিন জানান, আশরাফাবাদ লোহার ব্রিজসংলগ্ন মার্কেটে সকাল ১০টা ১০ মিনিটে ‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে আগুন লাগে। দমকলের চারটি স্টেশনের ১০টি গাড়ি দুই ঘণ্টারও বেশি সময় কাজ করে ১২টা ২০ মিনিটে আগুন নেভায়। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৫০ লাখ টাকা।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হামলা হয় সেলিম স্টিল নামের একটি দোকানে। হামলাকারীরা তাদের মারধর করে টাকা ও দোকানের জিনিসপত্র লুট করে। তারা পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর হামলাকারীরা কয়েকটি দোকান বাদ দিয়ে আলীর প্লাস্টিকের (দানা তৈরির) কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়।এ ছাড়া, হামলাকারীরা আরও বেশ কিছু দোকানে লুটপাট চালায়। তারা মার্কেটের মালিক মাহাবুবুর রহমানের মক্কা-মদিনা ট্রেডার্সের টাকার বাক্স লুট করে।ব্যবসায়ীরা জানান, হামলার সময় পুলিশ ও র্যাবের একটি গাড়ি পাশে দাঁড়িয়ে থাকলেও তারা নীরব থাকে। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।মুদি ব্যাবসায়ী শহীদ জানান, সন্ত্রাসীরা দোকান ভাঙচুর করার পর তাঁকে মারধর করে চারটি মোবাইল সেটসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায়। নিউ রাজধানী টিম্বারের মালিক রফিকুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের কিছু উঠতি নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।পুড়ে যাওয়া রঙের দোকানের (হামিদা কালার) মালিক আজমল হোসেন জানান, সন্ত্রাসীরা অগ্নিসংযোগের আগে তাঁর দোকান থেকে দুই লাখ টাকা লুট করেছে।প্রতিমন্ত্রীর অনুসারীরা জড়িত!: প্লাস্টিক কারখানার কয়েকজন কর্মী জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তাঁরা চেনেন। তাঁরা নূরবাগ এলাকার জনৈক শাওনের সহযোগী। শাওনের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান মাস্টারের ভাই সাইদুল মাতবরও ঘটনাস্থলে ছিলেন। ব্যবসায়ীরা জানান, শাওন আইন প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ কামরুল ইসলামের ঘনিষ্ঠ। সোলায়মান ও তাঁর ভাই সাইদুলও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ব্যবসায়ীরা জানান, রাস্তার জমি ছাড়াকে কেন্দ্র করে আইন প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কেটের মালিক মাহাবুবের দ্বন্দ্ব চলছে। এ কারণেই তাঁর অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।মাহাবুবুর রহমান বলেন, ‘আমার জমির ওপর দিয়ে দুটি ব্রিজ হয়েছে। কয়েক দিন আগে প্রতিমন্ত্রী আমার কাছে রাস্তার জন্য জমি চেয়েছেন। আমি জমি ছেড়ে দিয়েছি। এখন তাঁর সঙ্গে আমার বিরোধ হবে কেন?’এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমার দলের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে আমার কাছেও অভিযোগ এসেছে, আমি স্বীকার করছি। কিন্তু আমার সংশ্লিষ্টতার কথা কেউ বলেনি। সবাই বলেছে রুলিং পার্টির (ক্ষমতাসীন) কর্মীরা এটা করেছে। তারা (হামলাকারীরা) আমার ঘনিষ্ঠ নয়, আমার দলের লোক।’প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পুলিশকে বলে দিয়েছি, আমার দলের যত বড় নেতাই হোক, তাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরার জন্য। ক্ষতিগ্রস্তরা আমার কাছে কিছু নাম দিয়েছে। আমি তাদের বলে দিয়েছি থানায় এজাহার দেওয়ার জন্য।’কামরাঙ্গীরচর থানার ওসি সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমাদের মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি।’ এ ছাড়া সন্ধ্যায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।