গুলি না চালালে শত শত লোক মারা যেত: পুলিশ
কামরাঙ্গীরচরে সংঘর্ষ, গুলিতে আ.লীগ কর্মী নিহত
রাজধানীর কামরাঙ্গীরচর থানার আশরাফাবাদ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদুল ইসলাম (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।সংঘর্ষে আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খান অভিযোগ করেন, পুলিশের গুলিতেই আওয়ামী লীগের কর্মী শহীদুল ইসলাম নিহত হয়েছেন। তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশিদের দাবি, ‘সেখানে দুই পক্ষ এত মারমুখী ছিল যে পুলিশ গুলি না চালালে শত শত লোক মারা যেত। পুলিশ সেখানে ব্ল্যাংক ফায়ার করেছে, এতে হতাহত হওয়ার কোনো সুযোগ নেই।’নিহত শহীদুল ইসলামের বাবা আফসার আজাদ প্রথম আলো ডটকমকে জানান, শহীদুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি ফলের ব্যবসা করতেন।সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। এ সময় আহত ইকবাল হোসেন নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আইন প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, ‘আমি এত কইলাম, আমি ছাত্রলীগ করি। তাও পুলিশ আমাকে গুলি করল।’ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খান বলেন, তাঁর সামনেই পুলিশ শহীদুল ইসলামকে মারধর করে গুলি করেছে। শহীদুলকে বাঁচাতে গেলে পুলিশ তাঁকেও (মনির খান) গুলি করে। এতে তিনি আহত হন।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গুলি করার আগে পুলিশ শহীদুল ইসলামকে লাথি মারে ও রাইফেলের বাঁট দিয়ে মারধর করে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে অভিযোগ এসেছে, পুলিশের গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, ‘আজ ওই এলাকায় মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের গুলি চালাতে হলো। তবু আমরা বিষয়টি খতিয়ে দেখব।’এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফ অভিযোগ করেন, তাঁরা আসরের নামাজ পড়ছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা ও বোমা বিস্ফোরণ করেন। সেখানে পুলিশ উপস্থিত ছিল। হামলায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে জানতে চাইলে লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, ওই এলাকায় সমাবেশের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তিনি বলেন, ‘সেখানে দুই পক্ষ এত মারমুখী ছিল যে পুলিশ গুলি না চালালে শত শত লোক মারা যেত। পুলিশ সেখানে ব্ল্যাংক ফায়ার করেছে, এতে হতাহত হওয়ার কোনো সুযোগ নেই।’ উপকমিশনার আরও দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ আহত হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান।