কামারখন্দে সালাম জাহানারা ডিগ্রি কলেজে পিঠা উত্সব
গত বুধবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবারী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। কলেজের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল আহমেদ ও হারুন অর রশিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রভাষকদের মধ্যে আল্পনা ভৌমিক, সাজেদা বেগম, ফেরদৌস আরা, গোলাম মোস্তফা ও ছাত্রছাত্রীদের মধ্যে জারিন তাসমিন।এ উত্সব উপলক্ষে ২২ রকমের গ্রামীণ ও আধুনিক পিঠা তৈরি করে উপস্থিত সুধীজন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। তৈরি করা পিঠার মধ্যে ডিম পিঠা, নারকেল পিঠা, ফুলঝুরি পিঠা, ঝিনুক পিঠা, সুজির পিঠা, নকশি পিঠা, চিতই পিঠা, বৌ পিঠা ও ডিম পুরপুরি পিঠা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পিঠাগুলো টেবিলে টেবিলে সাজিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে এ পিঠা উত্সব শুরু করা হয়। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর পিঠা খাওয়া শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জাদু ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। সব শেষে প্রধান অতিথি পিঠা তৈরি প্রতিযোগিতাসহ অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।