কামারখাল ভরাট: বোরো চাষ ব্যাহত
গ্রামের ফাঁকে ফাঁকে খণ্ড খণ্ড মাঠ। যেদিকে চোখ যায় ধু-ধু ফসলশূন্য জমি। কোথাও গরু ঘাস খাচ্ছে। দূরে মাঠের গভীর এলাকায় কোথাও সবুজ ধানের আভাস। সেসব জমিতে নিজেদের মতো করে ডোবা নালা থেকে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকেরা। সেই মাঠের মধ্য দিয়ে বয়ে গেছে একটি দীর্ঘ খাল। কিন্তু একসময়ের থইথই করা পানির খালটি এখন বলতে গেলে পানিশূন্য। এলাকাবাসী জানান, অনেক বছর ধরে খালটি মরে আছে। খালে শুকনো মৌসুমে পানি থাকে না। খালটির নাম কামারখাল। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মধ্য দিয়ে কামারখাল প্রবাহিত হলেও সদর উপজেলার কমবেশি পাঁচটি ইউনিয়ন এই খালের সঙ্গে যুক্ত। খালের দুই পাশে হাজারো একর চাষযোগ্য জমি। কিন্তু সেই জমি বছরের পর বছর ধরে পতিত পড়ে থাকছে। খালে পানি না থাকায় আগ্রহ থাকলেও এলাকার কৃষকেরা সেই জমিতে বোরো ধান চাষ করতে পারছেন না। এই বাস্তবতা বিগত অনেক বছরের।এলাকাবাসী জানিয়েছেন, তাঁরা চেষ্টা-তদবির করে কুশিয়ারা নদীতে পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করেন। এই পাম্প দিয়ে পর্যাপ্ত পানি তোলা সম্ভব হয় না। এতে প্রতিবছর এলাকার প্রায় আড়াই-তিন হাজার কৃষক চাষাবাদ না করতে পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এলাকাবাসী জানিয়েছেন, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের কামারখাল খালটি একসময় সরাসরি কুশিয়ারা নদীর সঙ্গে যুক্ত ছিল। খালের অন্য প্রান্ত ছিল হাইল হাওরের সঙ্গে যুক্ত। খালটি গভীর থাকায় এটি ছিল সারা বছরই কমবেশি সব ধরনের মাছের উৎস। অন্যদিকে খালটির গভীরতার কারণে সবসময়ই পানি পাওয়া যেত। এর ফলে শুকনো মৌসুমে খালের দুই পাশের খেতের কৃষকদের পানির সমস্যায় পড়তে হয়নি। শুকনো মৌসুমে কামারখালের পানির ওপর নির্ভর করে বোরো ফসল চাষাবাদ করা গেছে। কিন্তু প্রাকৃতিকভাবে ধীরে ধীরে কামারখালটি ভরাট হয়ে যায়। এতে করে এলাকায় যেমন মাছের সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে বোরো চাষিরা পড়েছেন বিপাকে। তাঁদের আগ্রহ থাকলেও পানির অভাবে বোরো ফসল চাষ করা সম্ভব হচ্ছে না।এলাকাবাসী জানান, এই কামারখালের দুই পাশে মৌলভীবাজার সদর উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার একর জমি রয়েছে। মনুমুখ, কামালপুর, খলিলপুর, কাগাবলা ও নাজিরাবাদ ইউনিয়নের একাংশের জমি পড়েছে এই কামারখালের দুই পাশে। মনুমুখ ইউনিয়নের বাউরভাগের গাজী আউয়াল প্রথম আলোকে বলেন, ‘কামারখাল পানিতে ভরা থাকলে দুই পাশের বন্দে (মাঠে) খেত করা যাইতো। পানি পাইলে মানুষ খেত করতে বাইদ্য (বাধ্য)। পানির লাগি (জন্য) খেত করতাম পাররাম না। বোরোর সিজনও জমি খালি পড়ি থাকে। পানি থাকলে গরিবে ভাগি (বর্গা) করলেও বাঁচতো।’ গাজী আউয়াল, ইসলাম উদ্দিনসহ আরও অনেকে জানান, কামারখালে পানি থাকলে যোগার বন, গুলের বন, মাইগরা বন, চরপাড়া, রাজার কিত্তা, ফেরাতইল, ফুলতইল, মাইজান্দি, পশুকান্দির মাঠে বোরো ফসল চাষ করা সম্ভব হতো। পানি না পাওয়ার কারণে এলাকার প্রায় আড়াই-তিন হাজার কৃষক বোরো ধানের চাষ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কামারখালের দক্ষিণ ঘোড়াখাল এলাকায় বাঁধ দিয়ে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে ক্ষুদ্র সেচপাম্পের মাধ্যমে জমিতে বোরো চাষ করার চেষ্টা করেন। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় সেচ দেওয়াও অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সরেজমিনে দেখা গেছে, খালের অনেক স্থানই এখন ভরাট হয়ে গেছে। সংস্কারের অভাবে ঝোপঝাড়ে ছেয়ে আছে। কোথাও অল্প কিছু পানি আছে।এলাকাবাসী জানিয়েছেন, ১৯৮০ সালে একবার খাল খননের প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। তখন খালে ২০টির মতো ক্ষুদ্র সেচপাম্প বসিয়ে দুই পাশের খেতে পানি সরবরাহ করা হয়। এলাকাবাসী উৎসাহ নিয়ে সেবার বোরো চাষে ঝাঁপিয়ে পড়েছিলেন। তবে এ প্রকল্প বেশি দিন চালু থাকেনি। খালটি ধীরে ধীরে গভীরতা হারিয়ে আবার সম্পূর্ণ ভরাট হয়ে পড়ে। অন্যদিকে কুশিয়ারা নদীর বাম তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ দেওয়ায় কুশিয়ারা নদীর সঙ্গে কামারখালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে কুশিয়ারা নদীর সঙ্গে হাইল হাওরের যে সংযোগ ছিল সেটা আর নেই। কমে যায় মাছের অবাধ চলাফেরা। কামারখালটি ভরাট ও কুশিয়ারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একদিকে এলাকায় মাছের প্রাপ্তি কমে গেছে, অন্যদিকে পানির সংকটে পড়েছে কামারখালের দুই দিকের হাজার হাজার মানুষ।মনুমুখ ইউনিয়নের গাজী মানিক বলেন, ‘কামারখালটি প্রায় ১২ কিলোমিটার লম্বা। এই খালটি খনন করে সেচের ব্যবস্থা করা হলে প্রায় পাঁচ হাজার একর জমি খেতের আওতায় চলে আসবে।’ গাজী মানিক, আবদুল বারী, আবদুল লতিফসহ অন্যরা জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগ বিএডিসির মাধ্যমে মনুমুখ ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় দুটি পানির পাম্প স্থাপন করেছে। এই পাম্পের মাধ্যমে কুশিয়ারা নদী থেকে পানি উত্তোলন করে এলাকায় সেচসুবিধা তৈরির জন্য কামারখাল ভরাট করার চেষ্টা করা হয়।কিন্তু এলাকাবাসী জানিয়েছেন, এতে করে এলাকার কৃষকদের চাহিদার খুব সামান্যই পূরণ করা সম্ভব হচ্ছে। কারণ অনেক লম্বা খামারকাল ভরাট করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পানি নিয়ে যাওয়া দুটি পাম্পের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ খাল দুটি পাম্পের মাধ্যমে ভরে তোলা অনেক সময়ের প্রয়োজন। পানি খাল ভরাট হওয়ার আগেই ফুরিয়ে যায়। শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছার সুযোগ থাকে না। এ ছাড়া ক্ষুদ্র সেচপাম্প না থাকায় অনেকের পক্ষে খাল থেকে পানি ফসলের মাঠে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। খালের দুই পাশের জমিতে সেচ সফল করতে হলে অনেক সেচযন্ত্রের প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন। এই সেচসুবিধা পর্যাপ্ত নয়। দুটি পাম্পের মাধ্যমে যে পানি তোলা সম্ভব হবে, তা যদি ঠিকভাবে সরবরাহ করা যায়, তাহলে খুব বেশি এক হাজার একর জমি সেচসুবিধার আওতায় নিয়ে আসা যেতে পারে। গাজী মানিক বলেন, ‘পুরো এলাকায় সেচসুবিধা নিশ্চিত করতে হলে কুশিয়ারা নদীর সঙ্গে কামারখালের সংযোগস্থলে পাঁচটির অধিক পাম্প স্থাপন করা দরকার। তাহলে কামারখাল পানিতে ভরে তোলা সম্ভব হবে। এর ফলে যে জমি এখন পতিত পড়ে থাকে, সে জমি আর পতিত থাকবে না। তবে আমরা চাই, সবকিছুর আগে খালটি খনন করা হোক। খালটি গভীর হলে এলাকার প্রায় পাঁচটি ইউনিয়নের মানুষ লাভবান হবেন।’ কামারখালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুটি পাম্পের মাধ্যমে পানি সেচা হচ্ছে। কিন্তু সেই পানি খালের তলানিতে পড়ে থাকছে। সেই পানি শেষ প্রান্তে পৌঁছানোর আগেই বিভিন্ন স্থানে শুকিয়ে যায়। যে কারণে সব কৃষকের পক্ষে পানি পাওয়া সম্ভব হচ্ছে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনুমুখ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মণীন্দ্র চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘কামারখাল খনন ও সেচ প্রকল্প নামে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা আছে। সেই প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচসংকট অনেকখানি কমে আসবে।’