কামারচাকে মনু নদীর বাঁধে ধস
‘বান্দ (বাঁধ) আগেও ভাঙছে। কিন্তু এবারকুর (এবারের) মতো আর কোনো দিন ভাঙেনি। বান্দো (বাঁধে) বহুত জায়গা আছিল। এখন নদীর মাঝে গেছেগি। ১৫/১৬ হাতোর (হাতের) কম না। বান্দো কলাগাছ, বাঁশের ঝাঁড় আছিল (ছিল)। অখন বাঁধ উবা অইয়া মুরমুখা পরি যার (এখন বাঁধ খাড়া নিচের দিকে ধসে পড়ছে)।’ বাড়ির একেবারে কাছেই বাঁধ ধসে পড়ার বিবরণ এভাবেই দিলেন রাজনগর উপজেলার কামারচার ইউনিয়নের কাজীরচকের অবিনাশ দে। এখন অব্যাহত বাঁধ ধসে পড়ার কারণে প্রতিটা মুহূর্ত তাঁদের কাটছে আতঙ্ক আর উদ্বেগে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বছর বর্ষা শুরুর পর থেকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে মনু নদীর বাঁধের বিভিন্ন স্থানে একটু একটু করে ধস শুরু হয়েছে। কামারচাক ইউনিয়নের দশগড়ি এলাকায় মাস দুয়েক ধরে ধস মারাত্মক হয়ে উঠেছে। এলাকায় প্রায় ৫০ ফুট জায়গাজুড়ে বাঁধের প্রায় বড় অংশই এরই মধ্যে ধসে পড়েছে। দশগড়ির সত্যরঞ্জন দে প্রথম আলোকে বলেন, ‘মাস দুয়েক ধরে বড় রকমের ধস শুরু হয়েছে। আর দেড়-দুই হাত জাগা ভাঙলে এই অঞ্চলের খেতের জমি ডুববে। আর কোনো বাড়িঘর থাকবে না। সব পানিতে ডুবে যাবে। আমরার আর বাঁচার উপায় থাকবে না।’ সত্যরঞ্জন দে আরও জানান, দশগড়ির দিকে বাঁধ ভাঙলে দশগড়ি, কাজীরচক, মশাজান, মেলাগড়, পঞ্চানন্দপুরসহ আশপাশের গ্রামগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে আছে। মনু নদীতে পানি বাড়লেই বাঁধটি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। এলাকাবাসী জানিয়েছেন, তারা বাঁধধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। বৃষ্টি হলেই মনু নদীতে পানি বেড়ে যায়। তখন তাঁদের ঘুম হারাম হয়ে যায়। কখন বাঁধ ভেঙে এলাকা সয়লাব হয় এই আতঙ্কে। প্রদ্যোৎ দত্ত জানান, এ স্থানটিতে আগের বাঁক থেকে পানি সরাসরি এসে আঘাত করে। যে কারণে বাঁধের মাটি ধসে পড়ছে। পানি বাড়লে এ স্থানটি ভাঙার আশঙ্কা বেশি। বাঁধের পাশের থাকা অনেক গাছ এরই মধ্যে পানিতে ভেসে গেছে। কিছু গাছ কেটে আনা সম্ভব হয়েছে। কাজীরচক এলাকার লোকজন জানিয়েছেন, কাজীরচকের ভাঙনটি বর্ষার শুরু থেকেই অব্যাহত আছে। স্থানটির মাটি খাড়া ওপর থেকে নিচের দিকে ধসে পড়ছে। বাঁধের কয়েক হাতের মধ্যেই অনেক বাড়িঘর। এখানে বাঁধ ভেঙে গেলে গোপাল দত্ত, মাখন দত্ত, প্রদীপ দত্ত, মতি দত্ত, বেনু দে, গোপী দে, বিপুল দে, রতিশ দত্ত, বিশ্ব দত্ত, বিদ্যুৎ দত্ত, দীপক দে প্রমুখের বাড়িঘর সরাসরি নদীগর্ভে ঢুকে যাবে। তারাপাশা বণিক সমিতির সভাপতি বশারত আলী প্রথম আলোকে বলেন, ‘বাঁধের ধস নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছে, তাদের কাছে এখন কোনো ফান্ড নেই। বাঁধের এসব স্থানে ভাঙন হলে পুরো ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়বে। রাজনগর উপজেলার ধান উৎপাদনের ক্ষেত্রে এই ইউনিয়নের করাইয়ার হাওরের সবচেয়ে বেশি অবদান রয়েছে। এ অঞ্চলটির মানুষ কৃষিনির্ভর। বন্যা হলে পুরো ফসলের খেত পানিতে তলিয়ে যাবে। মানুষ নিঃস্ব হয়ে পড়বে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘কামারচাক এলাকায় মনু নদীর বাঁধে নতুন করে ভাঙনের বিষয়টি সম্পর্কে খোঁজ নিব। তারপর দেখি কী করা যায়।’