জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পৃথক চার মামলায় ১১ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে উত্তরা ষড়যন্ত্র মামলায় তিন দিন রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।রাজধানীর পল্টন থানার একটি মামলায় দুই দিন এবং রমনা থানার একটি, পল্টন থানার অন্য দুটিসহ মোট তিনটি মামলায় তিন দিন করে প্রত্যেকের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। এ মামলায় জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। ঢাকার মহানগর হাকিম আবদুল মজিদ পল্টন থানার তিনটি মামলায় কামারুজ্জামান, কাদের মোল্লা ও খুলনা বিভাগের ছাত্রশিবিরের নেতা মিয়া মুজাহিদুল ইসলামকে আট দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।অন্যদিকে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান রমনা থানার মামলায় জামায়াতের দুই নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) নওজেস আলী জানান, আলী আহসান মুজাহিদকে তিন দিনের রিমান্ড শেষে মহানগর হাকিম কামরুন্নাহার রুমির আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আইনজীবীরা মুজাহিদের জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।