কামারুজ্জামান আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন: রাষ্ট্রপক্ষ (ভিডিও)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু যুক্তি উপস্থাপন শুরু করে বলেন, মোহাম্মদ কামারুজ্জামান ১৯৭১ সালে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরে গণহত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছিলেন।আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তি উপস্থাপন শুরু হয়। এ সময় কামারুজ্জামান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।যুক্তি উপস্থাপনের সময় গোলাম আরিফ টিপু মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার কথা স্মরণ করেন। এ সময় তিনি ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান। যুক্তি উপস্থাপনের আগে কামারুজ্জামানের পক্ষে সর্বশেষ সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আবদুর রহিম। তিনি দাবি করেছেন, একাত্তর সালে তিনি ময়মনসিংহে স্বেচ্ছাসেবক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে আলবদর কমান্ডার হিসেবে তিনি কামারুজ্জামানের নাম শোনেননি।জেরায় আবদুর রহিম বলেন, তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন এ ধরনের কোনো সনদ তাঁর নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার, আলবদর ও আল শামস—এ ধরনের কোনো বাহিনী ছিল বলে তিনি জানেন না।আবদুর রহিমের সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষ হলে এ মামলার রায় ঘোষণা করা হবে।