কামারুজ্জামান ও কাদের মোল্লা পুলিশ রিমান্ডে
পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর দুই সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কারাবন্দি এই দুই নেতাকে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় গত ১৩ জুলাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, আজ বিকেলে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পল্টন থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেওয়া হচ্ছে। দুই মাস আগে আদালত এই রিমান্ডের আদেশ দেন। এখন সময় ফুরিয়ে আসায় আজ তাঁদের কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার কারণে তাঁদের পল্টন থানায় না রেখে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।পল্টন থানার উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, অন্য মামলায় তাঁরা রিমান্ডে থাকায় এবং বিভিন্ন কারণে দুই মাস আগে আদেশ হলেও তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়ে ওঠেনি। কাল শুক্রবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।