কামারুজ্জামান ও কাদের মোল্লা ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে আজ বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই দুজনকে আদালতে হাজির করে। তাঁদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।১৯৭১ সালে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় করা পৃথক দুটি মামলায় জামিনের জন্য গতকাল এই দুজন হাইকোর্টে হাজির হন।পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সুপ্রিম কোর্টসংলগ্ন ২ নম্বর গেট থেকে আবদুল কাদের মোল্লাকে আটক করা হয়। এ সময় হাইকোর্টে কামারুজ্জামান তাঁর আইনজীবী জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের কক্ষে অবস্থান করেন।সেখান থেকে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বের হয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টসংলগ্ন ২ নম্বর গেট থেকে বহনকারী গাড়িটি থামিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁদের গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবীর দুয়ারীপাড়ার বাসিন্দা আমির হোসেন মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য ২০০৮ সালের ২৪ জানুয়ারি পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। পরের দিন ওসি মামলাটি গ্রহণ করেন।