কামারুজ্জামান ও কাদের মোল্লার পাঁচ দিন রিমান্ড
মুক্তিযুদ্ধের সময় রাজধানীর পল্লবীতে গণহত্যার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিনের জন্য রিমান্ডের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এ ছাড়া পুলিশের কাজে বাধা এবং ভাঙচুরের অভিযোগে গত ফেব্রুয়ারিতে দায়ের করা পল্টন থানার তিনটি মামলায় জামায়াতের এই দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবীর দুয়ারীপাড়ার বাসিন্দা আমির হোসেন মোল্লা একটি মামলা করেন। ২০০৮ সালের ২৪ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়। আদালতের নির্দেশে পল্লবী থানা পুলিশ পরদিন মামলাটি গ্রহণ করে। মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাসহ ১০ জন এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়। এর মধ্যে নিজামী, মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ৩০ জুন মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।এ ছাড়া শাহবাগ থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আগাম জামিন আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।গতকাল বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করেন।নিজামী-মুজাহিদ-সাঈদীর রিমান্ড বাতিলের আবেদন: এদিকে পৃথক দুটি মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি শুরু হয়েছে গতকাল। আজও শুনানি হবে। ২৭ জুন হরতালের আগের দিন গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানা ও হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে উত্তরা থানার পৃথক দুটি মামলায় এই তিন জামায়াত নেতা রিমান্ড বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এ দুটি মামলায় ইতিপূর্বে নিম্ন আদালতে তাঁদের সাত দিন রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৯ জুন গ্রেপ্তার হওয়া এ তিনজনকে এখন রমনা থানা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।