মানবতাবিরোধী অপরাধের বিচার
কামারুজ্জামান-কাদের মোল্লাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে তিন দিনের জন্য সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে প্রসিকিউশন। আজ দুটি আবেদনের শুনানি একসঙ্গে হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল এই দুই নেতাকে এক দিন করে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ছাড়া ট্রাইব্যুনাল ১২ জুলাইয়ের মধ্যে দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তবে এ সময়ের মধ্যে জমা দিতে না পারলে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দিতে বলা হয়েছে। তত দিন পর্যন্ত চার নেতাকে আটক রাখা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনাল আজ আবারও নিজামী ও মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ট্রাইব্যুনালে শুনানি চলে।শুনানির শুরুতে ট্রাইব্যুনাল দ্রুত তদন্তকাজ শেষ করার জন্য বলেন। এ সময় তদন্তকারী কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক খানকে ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেন, ‘আর কত দিনে এই চার জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে?’ জবাবে তিনি বলেন, ‘কমপক্ষে আরও দুই মাস লাগবে।’ ট্রাইব্যুনাল দ্রুত তদন্তকাজ শেষ করার তাগাদা দিয়ে বলেন, ‘আপনারা অনির্দিষ্ট সময় নিতে পারেন না।’ এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে আটটার দিকে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। অপর তিনজনকে সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ট্রাইব্যুনাল জামায়াতের এই চার নেতার জামিন আবেদন খারিজ করে আজ হাজিরার দিন ধার্য করেন। ওই দিন তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়। অগ্রগতি প্রতিবেদন ইতিমধ্যে প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা।