নিজামী-মুজাহিদের জামিনের আবেদন খারিজ
কামারুজ্জামান-কাদেরকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিনের আবেদনও খারিজ করা হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।গতকাল হাজিরার ধার্য দিনে জামায়াতের এ চার নেতাকেই ট্রাইব্যুনালে আনা হয়। প্রথমে কামারুজ্জামান ও কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে করা দুটি আবেদনের শুনানি হয়। প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) মোখলেসুর রহমান এ দুজনকে সেফ হোমে নিয়ে তিন দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আরজি জানান। এর বিরোধিতা করেন জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে তদন্ত সংস্থা সেফ হোমে নিয়ে এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে, মাঝে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে। অভিযুক্তের একজন আইনজীবী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন চিকিৎসক জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে থাকবেন।শেষে নিজামী ও মুজাহিদের পক্ষে করা দুটি জামিন আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল দুটি আবেদনই খারিজ করেন।তদন্ত দ্রুত শেষ করার তাগিদ: গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা জামায়াতের এ চার নেতার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও এ-সংক্রান্ত আবেদন দাখিল করেন প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, ‘তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো বেশ কিছু বিষয় বাকি আছে।’ট্রাইব্যুনাল বলেন, আবেদনের কয়েকটি অনুচ্ছেদে ‘চেষ্টা চলছে’, ‘প্রক্রিয়াধীন আছে’, ‘ঠিকানা খুঁজছি’—এ ধরনের কথা বলা হয়েছে, যার অর্থ কাজ এখনো অনেক বাকি আছে।রেজাউর রহমান তদন্তে দীর্ঘসূত্রতার কারণ হিসেবে বলেন, ‘একজন সাক্ষীর ঠিকানা সংগ্রহ করে তাঁর বাড়িতে গেলে দেখা যায়, তিনি শ্বশুরবাড়ি গেছেন। সেখানে গেলে দেখা যায়, তিনি ঢাকা চলে এসেছেন। এ বাস্তবতায় আমাদের কাজ করতে হচ্ছে।’ট্রাইব্যুনাল বলেন, সব বাস্তবতা মেনেই বলছি, আপনারা এ কাজের জন্য অনির্দিষ্ট সময় নিতে পারেন না। ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক খানের কাছে জানতে চান, তদন্ত শেষ হতে কত দিন লাগবে। জবাবে তিনি বলেন, ‘কমপক্ষে ৬০ দিন লাগবে।’ এরপর ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, অগ্রগতি প্রতিবেদন অনুসারে তদন্তকাজ শেষ ধাপে আছে। দ্রুত তদন্ত শেষ করে ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। তবে এ ক্ষেত্রে ব্যর্থ হলে ওই দিন অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া যাবে।