জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মজিবুর রহমান খান ওরফে পান্নু গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কামারুজ্জামানসহ কয়েকজন তাঁকে বাড়ি থেকে ধরে এনেছিলেন। কামারুজ্জামান পাকিস্তানি মেজর রিয়াজকে তাঁকে হত্যা করতে বলেছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মজিবুরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম।জবানবন্দিতে মজিবুর রহমান বলেন, তাঁর বাড়ি শেরপুরের চকবাজার গ্রামে। একাত্তরে গ্রামে তাঁর দর্জির দোকান ছিল। কামারুজ্জামান ও কামরান তাঁর দোকান থেকে পোশাক বানাতেন বলে তাঁদের আগে থেকে চিনতেন। পাকিস্তানি সেনারা শেরপুরের নয়আনি জমিদার বাড়িতে প্রথম ক্যাম্প করলে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যান। মায়ের অসুস্থতার খবরে তিনি মে মাসের প্রথম দিকে ভারত থেকে গ্রামে যান। তাঁর এক ভাই আনসার আলী খান পাকিস্তানি সেনাদের গাড়ি মেরামত করতেন বলে তাঁর সঙ্গে মেজর রিয়াজের ভালো সম্পর্ক ছিল। তিনি ভাই ও অন্যদের কাছে শোনেন, সুরেন্দ্র মোহন সাহার বাড়ি দখল করে আলবদর ক্যাম্প করা হয়েছে এবং ওই ক্যাম্পের আলবদর কমান্ডার হলেন কামারুজ্জামান। বাড়ি ফেরার সাত দিন পর এক সন্ধ্যায় রাইফেল হাতে কামারুজ্জামানসহ কয়েকজন তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে শেরপুর বানসিয়া ভবনে আটকে রাখেন। সেখানে লিয়াকতকে (এই মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী) দেখেন। পরে আরও বেশ কয়েকজনকে সেখানে আনা হয়। একপর্যায়ে তাঁকেসহ আটক ব্যক্তিদের কামারুজ্জামানের নির্দেশে শেরপুর থানাহাজতে নেওয়া হয়।সাক্ষী বলেন, দুই দিন পর বেলা ১১টার দিকে তাঁদের থানাহাজত থেকে পাকিস্তানি সেনাদের গাড়িতে করে আহমেদনগর ক্যাম্পে নেওয়া হয়। সেখানে বিদ্যালয়ের পাশে তাঁদের ১১ জনকে দাঁড় করানো হয়। তাঁদের গুলি করার প্রস্তুতিকালে কামারুজ্জামান ও কামরানকে নিয়ে মেজর রিয়াজ সেখানে আসেন এবং গুলি করতে নিষেধ করেন। বোর্ড ঘরের পেছনে খোলা স্থানে তাঁদের দাঁড় করিয়ে নাম জানতে চান রিয়াজ। এ সময় কামারুজ্জামান বলেন, ‘এদের ছাড়া যাবে না, এরা মুক্তিযোদ্ধা। এদের ছেড়ে দিলে আমাদের অনেক ক্ষতি হবে।’ কামারুজ্জামান তাঁদের মেরে ফেলার জন্য রিয়াজকে দু-তিনবার বলেন। পরে কামারুজ্জামান ও কামরান গাড়িতে করে চলে যান। বিকেলে রিয়াজ তাঁকে ও লিয়াকতকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে প্রতিদিন ক্যাম্পে হাজিরার নির্দেশ দেন। পরে তাঁদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পরদিন সকালে হাজিরা দিতে ক্যাম্পে গিয়ে তিনি শোনেন, তাঁরা যাওয়ার পর কামারুজ্জামানের নির্দেশে চারজন বন্দীকে গুলি করে হত্যা করা হয়।সাক্ষী বলেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ হান্নানকে মে মাসে কামারুজ্জামান, কামরান ও রাজাকাররা সুরেন্দ্র সাহার বাড়ির ক্যাম্পে নিয়ে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে শহরে ঘোরায়। এ দৃশ্য তিনি নিজে দেখেছেন। কামারুজ্জামান শেরপুরের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের ধরে এনে নির্যাতন ও হত্যা করতেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা, ফুটবলার কাজল ও কায়সার। জবানবন্দির শেষপর্যায়ে মজিবুর আসামির কাঠগড়ায় থাকা কামারুজ্জামানকে শনাক্ত করেন।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জবানবন্দি নিতে তদন্তকারী কর্মকর্তা গিয়েছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, হ্যাঁ। কিন্তু লিয়াকত নিষেধ করায় তিনি জবানবন্দি দেননি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিয়াকত ও তাঁর বাড়ি পাশাপাশি। লিয়াকতকেও কি একই দিনে ধরা হয়—এ প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ।জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।