কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে রাজাকারের কমান্ডার ছিলেন
একাত্তরে বৃহত্তর ময়মনসিংহের রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মজিবুর রহমান খান আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন। এ সময় কামারুজ্জামান কাঠগড়ায় হাজির ছিলেন।আজ মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মজিবুর রহমান খানকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। মজিবুর রহমান গতকাল বুধবার জবানবন্দি দেন। ‘আপনাকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার আগে মেজর রিয়াজকে দেখেছেন’—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, যেদিন তাঁকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়, সেদিনই তাঁকে দেখেছেন, তবে তাঁর নাম আগে শুনেছেন। ‘শেরপুরে ছাত্রলীগ ছাড়া আর কোনো দলের সভাপতির নাম বলতে পারেন কি না’—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, শেরপুরে ইসলামী ছাত্র পরিষদের সভাপতি ছিলেন কামারুজ্জামান। ‘একাত্তরে শেরপুরে রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডার কে ছিলেন’—এ প্রশ্নে মজিবুর রহমান বলেন, শেরপুরের কথা তিনি বলতে পারেন না, তবে এ সময় বৃহত্তর ময়মনসিংহের আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন কামারুজ্জামান।জেরার শেষপর্যায়ে কফিল উদ্দিন মত (সাজেশন) দেন, ‘আপনি আর্থিকভাবে অসচ্ছল থাকায় আর্থিক সুবিধা নেওয়ার জন্য এ মিথ্যা সাক্ষ্য দিলেন।’ জবাবে মজিবুর বলেন, এটা সত্য নয়। জেরা শেষে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ৪ ডিসেম্বর।