কামারুজ্জামান মুক্তিযোদ্ধা উচ্ছেদের আহ্বান জানান: সাক্ষী হামিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহে আলবদর ক্যাম্পে ২৬ দিন বন্দী ছিলেন মুক্তিযোদ্ধা হামিদুল হক। ওই ক্যাম্পে দেখা হলে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামান তাঁকে পাকিস্তানকে রক্ষার জন্য মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছিলেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হামিদুল হক গতকাল রোববার জবানবন্দিতে এসব তথ্য দেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, আলবদর ক্যাম্পে বন্দী থাকাকালে তিনি অন্যতম আলবদর নেতা কামারুজ্জামানকে মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন পরিকল্পনা করতে দেখেছেন।আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টার জবানবন্দিতে হামিদুল হক আরও বলেন, একাত্তরে তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। সত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। একাত্তরের এপ্রিলের মাঝামাঝি পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহরে ঢুকলে মুক্তিযোদ্ধারা শহর ছেড়ে গ্রামে গিয়ে ক্যাম্প করেন। তিনি পরে মুজিব বাহিনীতে যোগ দেন। একদিন তিনি ও আরেক মুক্তিযোদ্ধা ওহিদ ময়মনসিংহ শহরের অবস্থা দেখতে যান। তিনি তৎকালীন জাতীয় পরিষদের সদস্য মোশাররফ হোসেন আকন্দের জামাতা রফিক হাসনাতের বাড়িতে ওঠেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন আলবদর সদস্য ও পাকিস্তানি সেনারা ওই বাড়ি তল্লাশি করে তাঁকে ও মুক্তিযোদ্ধা তাহেরকে ধরে চোখ বেঁধে নিয়ে যায়। ২৪ ঘণ্টা পর চোখ খোলা হলে তাঁরা বুঝতে পারেন, তাঁদের ময়মনসিংহ জেলা পরিষদ ডাকবাংলোতে আলবদর ক্যাম্পে নেওয়া হয়েছে। আলবদররা তাঁকে নির্যাতন করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলে। কিন্তু তিনি কাকতালীয়ভাবে বেঁচে যান।এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী জবানবন্দিতে আরও বলেন, আলবদর ক্যাম্পে তাঁকে ও তাহেরকে বৃহত্তর ময়মনসিংহে পাকিস্তানি সেনাদের প্রধান ব্রিগেডিয়ার কাদির খানের কাছে নেওয়া হয়। পরিচয় পেয়ে কাদির খান তাঁকে (হামিদুল) হত্যা করতে নিষেধ করে বলেন, হামিদ নামকরা ছাত্রনেতা। তিনি পাকিস্তানের পক্ষে জনমত গঠন করবেন। এরপর আলবদর সদস্যরা তাঁদের দুজনকে একধরনের মুক্তি দিলেও ক্যাম্পের মধ্যেই নজরবন্দী করে রাখা হয়। সেখানে একদিন কামারুজ্জামান তাঁকে পাকিস্তান রক্ষার আন্দোলনে যোগ দিতে বলেন। তিনি বন্দী থাকার সময় কামারুজ্জামান একবার পাকিস্তানে যান এবং সেখান থেকে ফিরে এসে পাকিস্তান রক্ষা ও মুক্তিযোদ্ধা উচ্ছেদের জন্য আরও বেশি উৎসাহিত করতে থাকেন।হামিদুল বলেন, আলবদর সদস্যরা ভেবেছিল, তিনি হয়তো প্রভাবিত হয়ে গেছেন। কিন্তু তিনিই আলবদর সদস্য সুলতানকে মুক্তিযুদ্ধের পক্ষে প্রভাবিত করেন। সুলতান তাঁকে পালাতে সাহায্য করেন। সুলতানের কাছ থেকে তিনি শোনেন, কামারুজ্জামান আনন্দ মোহন কলেজে অভিযান চালিয়ে হোস্টেলের একজন বেয়ারাকে হত্যা করেন এবং কলেজের তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দিনকে নির্যাতন করেন। যুদ্ধ শেষ হলে নির্যাতনের ঘটনা সিরাজউদ্দিনও তাঁকে বলেছেন। তিনি আলবদর ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা দুই জায়গায় হত্যাকাণ্ড চালায়। এর একটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে এবং অপরটি কিশোরগঞ্জের বরইতলায়।হামিদুল জবানবন্দিতে আরও বলেন, আলবদরের ওই ক্যাম্প থেকে পাকিস্তানি সেনাদের সহায়তায় বৃহত্তর ময়মনসিংহের সব অভিযান পরিচালিত হতো। যখন তিনি ক্যাম্প থেকে পালান, আলবদর সদস্যরা তখন ময়মনসিংহ শহরে বেশ কয়েকটি অভিযান চালাচ্ছিল। তিনি শুনেছেন, কামারুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলে। জবানবন্দিতে হামিদুল তাঁদের যুদ্ধের প্রস্তুতি এবং মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড উল্লেখ করেন।জবানবন্দি শেষে মধ্যাহ্ন বিরতির পর হামিদুলকে প্রায় দুই ঘণ্টা জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরায় প্রশ্নগুলোর বেশির ভাগ ছিল সত্তরের নির্বাচন ও আলবদর ক্যাম্প নিয়ে। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।মুজাহিদের পুনর্বিবেচনার আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেন। গত ২১ জুন ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। ১৯ জুলাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ধার্য রয়েছে।