কামারুজ্জামানের অপরাধের বিবরণ দিলেন এক সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মনোয়ার হোসেন খান মোহন ওরফে মোহন মুন্সি আজ বুধবার সাক্ষ্য দিয়েছেন। প্রায় আড়াই ঘণ্টার জবানবন্দিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কামারুজ্জামান ও তাঁর সহযোগীদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিবরণ দেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। মনোয়ার হোসেন খান মোহন তাঁর সাক্ষ্যে বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সুরেন্দ্র কুমার সাহার বাড়িতে গঠিত আলবদর ক্যাম্পে তিনি দারোয়ান ছিলেন। ওই সময় আলবদর কমান্ডার ছিলেন কামারুজ্জামান। এ ক্যাম্পে কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা বিভিন্ন মানুষকে যেভাবে নির্যাতন করেছেন, তা তিনি নিজ চোখে দেখেছেন।’ওই সময়ের একটি ঘটনা বলতে গিয়ে ট্রাইব্যুনালে মনোয়ার হোসেন খান বলেন, ‘৭১-এ নুরন্দি ও পিয়ারপুরের মাঝখানে হিন্দু বস্তি থেকে সুশীল নামের এক লোককে ধরে নিয়ে আসেন কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা। তাঁকে মুসলমান বানিয়ে নাম রাখা হয় মহিউদ্দিন খান। সুরেন্দ্র কুমার সাহার বাড়িতে গঠিত ক্যাম্পে তাঁকে রাখা হয়। মহিউদ্দিনকে পাশের পুকুরে সাঁতার কাটানোর জন্য কামারুজ্জামান তাঁর সহযোগী কামরানকে বলেন। সাঁতার কাটতে না পারায় মহিউদ্দিনকে পুকুরের পাড়ে তোলা হয়। কামারুজ্জামান বিকেলে আসেন। এরপর তাঁর সহযোগী নাসির ও কামরানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কামারুজ্জামান একপর্যায়ে নাসিরের বন্দুক দিয়ে মহিউদ্দিনকে গুলি করে মেরে ফেলেন।’মনোয়ার হোসেন খান মোহন নিজের দেখা আরও বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করেন। বিরতির পর আজই সাক্ষীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।