কামারুজ্জামানের নির্দেশে আটক ব্যক্তিদের নির্যাতন করা হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী দবির হোসেন ভূঁইয়া। দবির হোসেন ভূঁইয়া জবানবন্দিতে বলেছেন, একাত্তরে আলবদর ক্যাম্পে আটক ব্যক্তিদের কামারুজ্জামানের নির্দেশেই নির্যাতন করা হতো।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দবির হোসেন এই জবানবন্দি দেন। আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে সাক্ষী বলেন, একাত্তরের জুলাই মাসের শেষ দিকে সাদা পোশাকধারী ছয়-সাতজন সশস্ত্র লোক তাঁর চোখ বেঁধে রিকশায় উঠিয়ে তাঁকে জেলা পরিষদের ডাকবাংলোতে স্থাপিত আলবদর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে চোখ খোলা হলে তিনি আলবদর নেতা কামারুজ্জামানকে চেয়ারে বসা দেখেন। তিনি আগে থেকে কামারুজ্জামানকে চিনতেন।ময়মনসিংহের বাসিন্দা দবির আরও বলেন, কামারুজ্জামানের নির্দেশে শেলী নামের এক ব্যক্তি তাঁর চোখ বেঁধে তাঁকে আরেকটি ঘরে নিয়ে অকথ্য নির্যাতন করে। ওই ক্যাম্পে প্রায় প্রতিদিন নির্যাতন করে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করা হতো। ক্যাম্পে তিনিসহ আরও অনেকে আটক ছিলেন। কামারুজ্জামান বলতেন, ‘একে নিয়ে যাও।’ যাঁকে দেখিয়ে দেওয়া হতো, তাঁকে আর কখনো ক্যাম্পে দেখা যেত না। এভাবে শাহেদ আলী, টেপা মিয়া, তাঁর ছেলে দারাসহ অনেককে নিয়ে যাওয়া হয়। আগস্ট মাসের শেষ দিকে তিনি ওই ক্যাম্প থেকে ছাড়া পান।জবানবন্দি শেষে দবির হোসেনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১৯ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।আযাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ ১৭ ডিসেম্বর: একই ট্রাইব্যুনালে আজ জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী সত্যরঞ্জন সাহা ও ২০তম সাক্ষী অসিত বরণ সাহা।সত্যরঞ্জন সাহা (৬৫) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামে। মুক্তিযুদ্ধকালে জ্যেষ্ঠ মাসের ২ তারিখে তিনি প্রতিবেশী শরত্ পোদ্দারের বাড়িতে গোলাগুলির শব্দ শোনেন। তিনি ভয়ে বাঁশবাগানে লুকান। তাঁর বাবা শ্যামাপদ সাহা বাড়ি থেকে পালাতে চেষ্টা করলে বাচ্চু রাজাকার (আবুল কালাম আযাদ) ও পাকিস্তানি সেনারা তাঁকে গুলি করে হত্যা করে। বাচ্চু রাজাকারের নেতৃত্বে ২৫-৩০ জন পাকিস্তানি সেনা ও রাজাকার তাঁদের বাড়ি গিয়েছিল। তারা তাঁদের বাড়িসহ শরত্ পোদ্দার, নীলরতন সাহাসহ অনেকের বাড়িতে অগ্নিসংযোগ করে।জবানবন্দিতে একই ঘটনার বর্ণনা দেন অসিত বরণ সাহা। এই দুজনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। দুই সাক্ষীকেই জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এই মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ১৭ ডিসেম্বর জবানবন্দি দেবেন।