কামারুজ্জামানের পক্ষে আরও একজন সাফাই সাক্ষী অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে ট্রাইব্যুনালে আরও একজন সাফাই সাক্ষী জবানবন্দি দিতে পারবেন। এ নিয়ে মোট পাঁচজন সাফাই সাক্ষী জবানবন্দি দিতে পারবেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই অনুমতি দেন।আজ কামারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে একজন সাক্ষী বাড়িয়ে মোট পাঁচজনে উন্নীত করা হয়। ৬ মার্চ সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এক হাজার ৩৫৪ জনের তালিকা থেকে চারজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে তাঁর পক্ষে সাক্ষীর সংখ্যা চারজন থেকে বাড়িয়ে সাতজনের আবেদন করলে ট্রাইব্যুনাল নতুন করে একজনকে অনুমোদন দেন।গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। তাঁর বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুলাই তাঁকে আটক করে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।