কামারুজ্জামানের পক্ষে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার শেষ সময় বুধবার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে পঞ্চম ও শেষ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য আগামী বুধবার শেষ সময় নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২।আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।আজ কামারুজ্জামানের পঞ্চম ও শেষ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার ধার্য দিনে সাক্ষী ও জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে হাজির হননি। এ সময় আসামিপক্ষের সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, ‘অনিবার্য কারণে’ জ্যেষ্ঠ আইনজীবীরা আসেননি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে সময় চান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বারবার বলা হচ্ছে, এভাবে হরতালের কারণে সময় দেব না। তার পরও আপনারা একইভাবে সময় নষ্ট করছেন। হরতালের কারণে কি ইসলামী ব্যাংক বা ইবনে সিনা বন্ধ আছে? তাদেরও তো একটি রাজনৈতিক পরিচয় আছে। ট্রাইব্যুনালে বিচারকেরা আসছেন আর আইনজীবীরা আসতে পারেন না?’পরে ট্রাইব্যুনাল আগামী বুধবার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য শেষ দিন নির্ধারণ করে দিয়ে বলেন, ওই দিন সাক্ষ্য দিতে না পারলে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হবে।কামারুজ্জামানের দুটি আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল আজ কামারুজ্জামানের দুটি আবেদন খারিজ করেছেন। আবেদন দুটি হলো: আসামিপক্ষের তৃতীয় সাক্ষী কামারুজ্জামানের ছেলে মোহাম্মদ হাসান ইকবালের পুনরায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিপক্ষের কিছু নথি গ্রহণ করা।