কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপনের শেষ সময় ১৫ এপ্রিল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনে আসামিপক্ষকে শেষ সময় নির্ধারণ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এই শেষ সময় ১৫ এপ্রিল।আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ সময় নির্ধারণ করেন।আজ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিনে তাঁদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের যুক্তি উপস্থাপন করার কথা ছিল। কিন্তু তিনি ট্রাইব্যুনালে আসেননি। তাঁর পক্ষে একজন সহকারী আইনজীবী ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের বারবার সময় দেওয়া হচ্ছে। যুক্তি উপস্থাপনের জন্য আপনাদের আর সময় দেওয়া হবে না।’ট্রাইব্যুনাল আসামিপক্ষকে লিখিত যুক্তি জমা দেওয়ার কথা বলেন। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কামারুজ্জামান ট্রাইব্যুনালকে বলেন, ‘আপনারা অনেক সময় দিয়েছেন। আর একবারের মতো শেষ সুযোগ দিন।’এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেন, ‘কামারুজ্জামানের অনুরোধে শেষবারের মতো সময় দেওয়া হচ্ছে। ওই দিন উপস্থিত হতে না পারলে যুক্তি উপস্থাপন শেষ করে দেওয়া হবে।’গত সোমবার থেকে আসামিপক্ষে যুক্তি উপস্থাপনের দিন ছিল। কিন্তু হরতালের কারণে এ মামলায় আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে যাচ্ছেন না।