কামারুজ্জামানের পক্ষে সাক্ষী দেবেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা চারজনের মধ্যে সীমাবদ্ধ রাখার আদেশ দিয়েছেন টাইব্যুনাল-২।আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা চারজনে নির্দিষ্ট করে দেওয়া হলো। কোনো ধরনের মুলতবি ছাড়া সাক্ষ্য গ্রহণ করতে হবে।’ প্রস্তুতির সুবিধার্থে সাক্ষীদের এই তালিকা রাষ্ট্রপক্ষকে সরবরাহ করতেও বলা হয়েছে। কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আসামিপক্ষ থেকে ১ হাজার ৩৫৪ জনের তালিকা দেওয়া হয়েছিল। এই মামলায় আসামিপক্ষের সাক্ষীদের তালিকা নির্দিষ্ট করে দিতে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে গতকাল শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আসামিপক্ষে ৫০ শতাংশের বেশি সাক্ষী রাখার আরজি জানান। কামারুজ্জামানের সনদ নিয়ে সন্দেহকামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আজ পঞ্চম দিনের মতো জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরার একপর্যায়ে ট্রাইব্যুনাল আসামিপক্ষের কাছে কামারুজ্জামানের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রির সনদ দেখতে চান। এ সময় আসামিপক্ষ সনদের ফটোকপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল তা দেখে বলেন, এখানে ইংরেজিতে ঢাকার যে বানান রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সনদটি ১৯৭৮ সালের। সে সময় ‘ঢাকা’র বানান ছিল ‘Dacca’। কিন্তু সনদে লেখা ‘ঢাকা’ বানানটি বর্তমানে যেভাবে লেখা হয় (Dhaka), সেভাবে রয়েছে। এটি যথেষ্ট সন্দেহের উদ্রেক করে। ট্রাইব্যুনাল বলেন, এরশাদ ক্ষমতায় আসার আগে ঢাকার বানান ছিল ‘Dacca’। ১৯৮২ সলে এরশাদ ক্ষমতায় আসার পর ঢাকার বানান বদলে ‘Dhaka’ করা হয়। তাই ট্রাইব্যুনাল সনদের মূল কপি বিকেল সাড়ে চারটার মধ্যে দেখতে চেয়েছেন।