কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী আসামিপক্ষের প্রথম সাক্ষী আরশেদ আলীর (৬১) জবানবন্দি নেন।জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবার নাম একাব্বার আলী। তাঁদের বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি থানার বেনুপাড়া গ্রামে। একাত্তরে তাঁদের বাড়িতে পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে গুলি করে হত্যা করে। তবে জবানবন্দির কোথাও তিনি কামারুজ্জামানের কথা বলেননি।জবানবন্দি শেষে আরশেদ আলীকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।এ মামলায় ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন। মামলায় আসামিপক্ষের এক হাজার ৩৫৪ জন সাক্ষীর মধ্য থেকে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।