কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দিলেন তাঁর ছেলে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তাঁর ছেলে মোহাম্মদ হাসান ইকবাল (৩৩)। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাসান ইকবালের সাক্ষ্য নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় ছিলেন কামারুজ্জামান।এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আজমী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ট্রাইব্যুনালে আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দেন।জবানবন্দিতে মোহাম্মাদ হাসান ইকবাল বলেন, তাদের বাড়ি শেরপুরের কুমরি মুদিপাড়া গ্রামে। তিনি দিগন্ত টেলিভিশনের গবেষণা বিভাগে কর্মরত। তিনি ট্রাইব্যুনালে তাঁর বাবার পক্ষে দাখিল করা বিভিন্ন নথি উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ড. এম এ হাসান সম্পাদিত ‘যুদ্ধাপরাধ, গণহত্যা ও বিচারের অন্বেষণ’ (প্রকাশকাল মে, ২০০১), মুনতাসীর মামুন সম্পাদিত ‘একাত্তরের বিজয়গাথা’, মুহাম্মাদ আব্দুস শাকুর রচিত ‘ময়মনসিংহ একাত্তর’ (প্রকাশকাল ২০০০ সাল) বইয়ে তাঁর বাবার নাম নেই। জবানবন্দিতে তিনি ২০০৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘আলোর মিছিল’ পত্রিকা, খুরশিদ আলম সরকারের লেখা ‘রণাঙ্গনে মুক্তিসেনা ১৯৭১’ বই, হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ’ দলিলপত্র ১০ম খণ্ড বই, ‘দ্য পাকিস্তান আর্মি ১৯৬৬-৭১’, ‘একাত্তরের উত্তর রণাঙ্গন’ ‘বাংলাদেশ অ্যাট ওয়ার’ বই উপস্থাপন করেন। এ ছাড়া, রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষীসহ আরও বেশ কিছু বিষয়ে নথি উপস্থাপন করেন তিনি।জবানবন্দি শেষ হলে হাসান ইকবালকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। জেরার শেষপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, ‘প্রায়োজনে আপনি সত্য গোপন করতে পারেন।’ জবাবে হাসান ইকবাল বলেন, ‘এটা সত্য নয়।’ এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।