কামারুজ্জামানের পরবর্তী সাক্ষ্য ২৬ ফেব্রুয়ারি
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের আইনজীবী কফিরউদ্দিন চৌধুরী হরতালের কারণ দেখিয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হতে না পারায় এই দিন ধার্য করা হয়। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ এই মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করার জন্য আজই শেষ দিন ছিল। আসামিপক্ষের সহকারী আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী ট্রাইব্যুনালে আরও সময়ের আরজি জানিয়ে বলেন, হরতালের কারণে কফিরউদ্দিন চৌধুরী আদালতে আসতে পারেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি (কফিরউদ্দিন চৌধুরী) ছাড়া সবাই ট্রাইব্যুনালে উপস্থিত হতে পেরেছেন। তিনি কেন পারলেন না, এই প্রশ্ন করেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনাল আসামিপক্ষের এক হাজার ৩৫৪ জন সাক্ষীর মধ্যে থেকে মাত্র চারজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে বলা হয়েছে, আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য নেওয়ার সময় কোনো মুলতবি দেওয়া হবে না। কামারুজ্জামানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তবে তাঁকে কাঠগড়ায় তোলা হয়নি।