কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।২ জুলাই থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে।আদেশে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদরের প্রধান সংগঠক ছিলেন। তাঁর নেতৃত্বে ও সহযোগিতায় আল-বদর বাহিনী ও পাকিস্তানি সেনারা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর প্রভৃতি এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠন এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। এরপর ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ পড়ে শোনান।অভিযোগ পড়ে শোনানো শেষে ট্রাইব্যুনাল তাঁর কাছে তিনি দোষী না নির্দোষ, জানতে চান। জবাবে কামারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সবই মিথ্যা।নিজেকে নির্দোষ দাবি করে কামারুজ্জামান বলেন, ‘আমি যদি আওয়ামী লীগে যোগ দিতাম, তাহলে আমার বিচার হতো না।’