কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়নি
দাপ্তরিক সময় অতিক্রম করায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেতে পারেননি।এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম প্রথম আলো অনলাইনকে সন্ধ্যায় বলেন, রাষ্ট্রপক্ষ বিকেলে আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে এলেও দাপ্তরিক সময় অতিক্রম করায় রেজিস্ট্রার কার্যালয় এটি গ্রহণ করেননি। রাষ্ট্রপক্ষকে আগামী রোববার অভিযোগ দাখিল করতে বলা হয়েছে।এর আগে সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রস্তুতি শেষ করে আজ বিকেল তিনটায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হবে।এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শহিদুল ইসলাম খানের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। শহিদুলের অসুস্থতার কারণে রোববার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।এ ছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও তাঁর আইনজীবীকে কারাগারে একান্তে কথা বলার জন্য ২১ ও ২৮ জানুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছেন ট্রাইব্যুনাল।বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।