কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আদেশ ১৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার ওপর আগামী ১৯ জুন আদেশ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদেশের এ তারিখ ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক অভিযোগ পুনর্বিবেচনার পক্ষে যুক্তি উপস্থাপন করছেন।আবদুর রাজ্জাক বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে অপরাধে নেতৃত্ব ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে্। একই সঙ্গে দুই ধরনের অপরাধ হতে পারে না। বিভিন্ন অভিযোগে দেখা গেছে, কামারুজ্জামান কেবল অপরাধের নির্দেশ দিয়েছেন। এরপর হত্যা বা বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে তাঁর সংশ্লিষ্টতার উল্লেখ নেই। তাই তাঁকে এ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানানো হচ্ছে।আবেদনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, কামারুজ্জামানের নির্দেশে অপহরণের পর হত্যা করা হয়েছে। কাজেই আসামিকে অভিযুক্ত করা যাবে। বৃহত্তর ময়মনসিংহ এলাকায় তিনি আল বদরের নেতা ছিলেন। তদন্ত কর্মকর্তার অনুসন্ধান থেকে এ তথ্য জানা গেছে।৪ জুন মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাতটি অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।২ জুলাই থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে।২০১০ সালের ২ অক্টোবর কামারুজ্জামানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দিয়ে তা সুবিন্যস্তভাবে পুনঃ দাখিলের আদেশ দেন। চলতি বছরের ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ অভিযোগ পুনঃ দাখিল করলে ৩১ জানুয়ারি অভিযোগ আমলে নেওয়া হয়। ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।