কামারুজ্জামানের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন আজ সোমবার শেষ হয়েছে। এ সময় আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের বিভিন্ন অসংগতি তুলে ধরে। আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তির আইনগত দিক ব্যাখ্যা করবে। আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও তাঁর ছেলে এহসান এস সিদ্দিক আসামিপক্ষের হয়ে যুক্তি উপস্থাপন করেন। আসামিপক্ষ যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের বিভিন্ন অসংগতি তুলে ধরে। এ সময় আসামিপক্ষ বলে, কামারুজ্জামানের বিরুদ্ধে কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। কোনো অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া সম্ভব নয়। সংক্ষেপে এই মামলাএ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের এক হাজার ৩৫৪ জন সাক্ষীর তালিকা থেকে প্রথমে সাফাই সাক্ষীর সংখ্যা চারজনে সীমাবদ্ধ করে দেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষী আরেকজন বাড়ানো হয়। আসামিপক্ষের সেই পাঁচজনই সাক্ষ্য দিয়েছেন। এ তালিকায় রয়েছেন কামারুজ্জামানের ছেলে মোহাম্মদ হাসান ইকবাল এবং তাঁর বড় ভাই কফিল উদ্দিন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগে গত বছরের ৪ জুন এ ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিচার শুরু হয়। ২ জুলাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া শুরু হয়। আসামিপক্ষের সাক্ষ্য নেওয়া শুরু হয় ৬ মার্চ।