কামারুজ্জামানের বিরুদ্ধে রোববার থেকে যুক্তি উপস্থাপন শুরু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।আজ আসামিপক্ষের পঞ্চম ও শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে তৃতীয় দফায়ও আসামিপক্ষ সাক্ষী হাজির করতে পারেনি। রোববার যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে ট্রাইব্যুনাল বলেন, যুক্তি উপস্থাপনের আগে যদি আসামিপক্ষ সাক্ষী হাজির করতে পারে, তবে ওই দিন তাঁর সাক্ষ্যগ্রহণ করা হবে।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। এ মামলার রায় ঘোষণা করা হলে এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে ঘোষিত তৃতীয় রায়।এর আগে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২।