কামারুজ্জামানের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মোহাম্মদ হাসানুজ্জামান।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন কামারুজ্জামান। সাক্ষী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, একাত্তরে তাঁর ছোট ভাই মো. বদিউজ্জামান পাকিস্তান বিমানবাহিনীতে চাকরি করতেন এবং তিনি ঢাকা ডেন্টাল কলেজে পড়তেন। একাত্তরে তাঁর (হাসানুজ্জামান) শ্বশুরবাড়িতে বদিউজ্জামান পাকিস্তানের ক্যাম্প ঘুরে যান। এরপর ১৯৭১ সালের ২৯ জুন তিনি শ্বশুরবাড়ি শেরপুরের রামনগরে অবস্থান করেন। সেদিন রাত ১১টায় ওই বাড়িতে ১১ জনের একটি সশস্ত্র দল আসে। সেই দলে কামারুজ্জামান ছিলেন। তাঁরা সেখান থেকে বদিউজ্জামানকে ধরে নিয়ে যান। পরদিন রাস্তায় বদিউজ্জামানের লাশ পাওয়া যায়।