কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী আরও একজন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আরও একজন সাক্ষীকে জবানবন্দি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাসস।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষ ১৫ নভেম্বর কামারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে আরও একজন সাক্ষীর নাম অন্তর্ভুক্তি চেয়ে আবেদন করে। আজ ওই আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন। তিনি জানান, ২৬ নভেম্বর এই সাক্ষীর জবানবন্দি পেশ করার জন্য দিন ধার্য করা হয়েছে। নতুন এই সাক্ষীর নাম মুজিবুর রহমান পান্নু।গত ১৫ জুলাই সাক্ষ্য নেওয়া শুরু হওয়ার পর কামারুজ্জামানের বিরুদ্ধে এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।