জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। পরে সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হলে ৮১ পৃষ্ঠার লিখিত সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ, কৌঁসুলি রানা দাশগুপ্ত, এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা। সূচনা বক্তব্যে বলা হয়, কামারুজ্জামান একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বৃহত্তর ময়মনসিংহ এলাকার আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়, বরং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর বিচার হওয়া দরকার।আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সময়ের আরজি জানান। তিনি ট্রাইব্যুনালকে বলেন, কামারুজ্জামানের সঙ্গে মামলাসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে না পারায় আসামিপক্ষ সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারেনি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেন। ওই দিনের মধ্যে আসামিপক্ষকে তাদের সাক্ষীদের তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। তিনি কাশিমপুর-২ কারাগারে আটক রয়েছেন।