কামারুজ্জামানের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এ তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্যের তদন্ত দল গত শুক্রবার রাতে শেরপুরে আসে। পাঁচ সদস্যের তদন্ত দলে জেয়াদ-আল-মালুম ছাড়াও কৌঁসুলি মোখলেসুর রহমান, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান, জেড এম আলতাফুর রহমান ও মো. ওবায়দুল্লাহ রয়েছেন।তদন্ত দল গতকাল সকাল ১০টায় নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে যায়। ১৯৭১ সালের ২৫ জুলাই এই গ্রামের ১৮৬ জন পুরুষকে স্থানীয় আলবদর, রাজাকারদের সহযোগিতায় নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানের সেনারা। এতে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়লে ‘বিধবা পল্লী’ হিসেবে পরিচিতি পায়। তদন্ত দলের সদস্যরা শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন। তদন্ত দল এই গ্রামের আর কয়েকটি গণকবর পরিদর্শন করেন। পরে তদন্ত দল ভারত সীমান্তের কাছে মায়াঘাষি ফরেস্ট ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধের সময় মায়াঘাষি গ্রামে আলবদর, রাজাকারদের সহায়তায় নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনারা।প্রেস ব্রিফিংয়ে জেয়াদ-আল-মালুম বলেন, মুহাম্মদ কামারুজ্জামানের নির্দেশে তাঁর অধীনের স্থানীয় আলবদর ও রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে ১৮৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জামায়াত নেতা কামারুজ্জামানসহ স্থানীয় আলবদর ও রাজাকার বাহিনীর আবদুর রহমান, আকরাম হোসেন, আবদল কাদির ও হাসান আলীর সম্পৃক্ত থাকার সাক্ষ্য-প্রমাণও পাওয়া গেছে। তিনি জানান, তাঁরা দুটি লিখিত অভিযোগ পেয়েছেন ও ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। এর আগে সকাল নয়টায় তদন্ত দলের সদস্যরা নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় নাগরিক কমিটিসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এতে তদন্ত কাজে সবার সহযোগিতা কামনা করা হয়।