কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের ঘটনার যুক্তি উপস্থাপন শেষ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের ঘটনার বিষয়ে রাষ্ট্রপক্ষ আজ বুধবার যুক্তি উপস্থাপন শেষ করেছে। পরে কামারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৩১ মার্চ (রোববার) দিন ধার্য করা হয়।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন। তবে আসামিপক্ষে কনিষ্ঠ আইনজীবী এম এম শাহীন ছাড়া জ্যেষ্ঠ কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। গতকাল ছিল যুক্তি উপস্থাপনের তৃতীয় দিন।রাষ্ট্রপক্ষ গত সোমবার কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে প্রথম তিনটির বিষয়ে যুক্তি দেন। সেদিন সাইফুল ইসলাম যথাসময়ে ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় এবং যুক্তি উপস্থাপনের জন্য তাঁর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গতকাল ৪ নম্বর অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের ২৩ আগস্ট কামারুজ্জামানের নির্দেশে আলবদর সদস্যরা গোলাম মোস্তফাকে ধরে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে কামারুজ্জামান ও আলবদররা তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনাটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয়, পঞ্চম এবং ১৪তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কামারুজ্জামানের অপরাধ তা থেকে বিচ্ছিন্ন নয়।পঞ্চম অভিযোগের বিষয়ে যুক্তিতে সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালে রমজান মাসের মাঝামাঝি কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা শেরপুরের চকবাজার থেকে লিয়াকত আলী ও মুজিবুর রহমানকে অপহরণ করে বাঁথিয়া ভবনের রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাঁদের নির্যাতনের পর থানায় চার দিন আটকে রাখা হয়। পরে কামারুজ্জামানের নির্দেশে ওই দুজনসহ ১৩ জনকে ঝিনাইগাতীর আহম্মেদনগর সেনা ক্যাম্পে পাঠানো হয়। পরে লিয়াকত, মুজিবুরসহ আটজনকে উপজেলা পরিষদের কার্যালয়ের কাছে সারিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। কামারুজ্জামান ও তাঁর সহযোগী কামরান সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি রাষ্ট্রপক্ষের সপ্তম এবং ১৪তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্যে স্পষ্ট হয়নি যে তিনি কামারুজ্জামানকে চিনেছেন। এ ছাড়া দুজন সাক্ষীর বর্ণনায় সময়ের পার্থক্য রয়েছে।সাইফুল ইসলাম ষষ্ঠ অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদর সদস্যরা টুনু ও জাহাঙ্গীরকে ময়মনসিংহের জেলা কাউন্সিল ডাকবাংলোতে নিয়ে যায়। টুনুকে সেখানে নির্যাতন করে হত্যা করা হয়। জাহাঙ্গীরকে পরে ছেড়ে দেওয়া হয়। এটি রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্যে পাওয়া গেছে।এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘কে, কখন, কীভাবে ঘটনা ঘটাল, তা সাক্ষীর সাক্ষ্যে নির্দেশ করা নেই। তাই তাঁর সাক্ষ্যের ওপর নির্ভর করা যায় না।’পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সপ্তম ও শেষ অভিযোগের বিষয়ে বলেন, মুক্তিযুদ্ধকালে ২৭ রমজান কামারুজ্জামান আলবদর সদস্যদের নিয়ে ময়মনসিংহের গোলাপজান রোডের টেপা মিয়া ও তাঁর বড় ছেলে জহুরুল ইসলাম দারাকে ধরে জেলা কাউন্সিল ডাকবাংলোয় আলবদর ক্যাম্পে নিয়ে যান। পরদিন সকালে আলবদররা ওই দুজনসহ সাতজনকে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে হাত বেঁধে সারিতে দাঁড় করায়। প্রথমে টেপা মিয়াকে বেয়নেট দিয়ে খোঁচাতে গেলে তিনি নদীতে লাফ দেন। আলবদররা গুলি করলে তাঁর পায়ে লাগে, তবে তিনি পালাতে সক্ষম হন। কিন্তু অন্য ছয়জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। ঘটনাটি রাষ্ট্রপক্ষের প্রথম, নবম এবং ১৫তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। ১৫তম সাক্ষীর সাক্ষ্যে ঘটনার সুস্পষ্ট বর্ণনা পাওয়া গেছে। আসামিপক্ষ তাঁর সাক্ষ্য মিথ্যা প্রমাণ করতে পারেনি।অভিযোগের ঘটনার বিষয়ে যুক্তি শেষ হলে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আইনগত ব্যাখ্যা শুরু করতে বলেন। এ সময় কামারুজ্জামান বলেন, তাঁর জ্যেষ্ঠ আইনজীবীরা আসেননি, তাই রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তির জন্য তিনি সময় চান। ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে বলেন, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ যুক্তির দিন ধার্য করা হচ্ছে। ওই দিন হরতাল হলেও আপনার আইনজীবীদের আসতে বলবেন। হরতালে আপনার আইনজীবীরা কেন আসেন না? আপনার ছেলে তো এসেছেন।’কামারুজ্জামান বলেন, আইনজীবীদের আনার বিষয়টি তাঁর এখতিয়ারে নেই। ট্রাইব্যুনাল বলেন, ‘পরবর্তী দিনে হরতাল বিবেচনা করা হবে না।’