কামারুজ্জামানের মামলায় সাক্ষ্য গ্রহণ
শেরপুরের গোলাম মোস্তফা হত্যাকাণ্ডে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জড়িত থাকার কথা কখনো শোনেননি বলে জানিয়েছেন আসামিপক্ষের সাক্ষী আশকর আলী।কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী আশকর আলী তাঁর জবানবন্দিতে এ দাবি করেছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ সময় আসামির কাঠগড়ায় ছিলেন কামারুজ্জামান।জবানবন্দিতে আশকর আলী (৭০) বলেন, তাঁর বাড়ি শেরপুর জেলার বুড়িয়ার পাড়ের খরখরিয়া গ্রামে। একাত্তরের শহীদ মোস্তফার বাড়ি এবং তাঁর বাড়ি একই ইউনিয়নের পাশাপাশি গ্রামে। ১৯৬৫ সালে তিনি মোস্তফার বাড়ি-সংলগ্ন খরখড়িয়া জুনিয়র বালিকা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। মোস্তফার পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। একাত্তরের সালের আগস্ট মাসের শেষ দিকে তিনি শোনেন, মোস্তফাকে পাকিস্তানি সেনারা মেরে ফেলেছে। পরে মোস্তফার লাশ বাড়িতে আনা হলে তিনি তাঁর জানাজায় অংশ নেন।জবানবন্দির শেষ পর্যায়ে আশকর আলী দাবি করেন, মোস্তফা হত্যার পর থেকে তিনি কখনো তাঁর মা-বাবা, পাড়া-প্রতিবেশীর কাছে তাঁর হত্যার সঙ্গে কামারুজ্জামান নামক কোনো ব্যক্তি জড়িত ছিলেন বলে শোনেননি। জবানবন্দি শেষে আশকর আলীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।একই ট্রাইব্যুনালে এ মামলার আসামিপক্ষের প্রথম সাক্ষী আরশেদ আলীকে জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।