কামারুজ্জামানের মামলায় যুক্তি উপস্থাপন দ্রুত শেষের নির্দেশ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে দুই দিনের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর জন্য আজ মঙ্গলবার দিনটি ধার্য ছিল। তবে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের তারিখ এক দিন পিছিয়ে আগামীকাল বুধবার নির্ধারণ করেন।আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, আজ সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে তাঁদের জ্যেষ্ঠ আইজীবীরা ট্রাইব্যুনালে আসেননি। এ সময় আসামিপক্ষের সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে বলেন, কামারুজ্জামানের পক্ষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন করতে চান। তিনি আজ আসতে পারেনি, এক দিন সময় চেয়েছেন।এ সময় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য এক দিন সময় দেন। আগামীকাল বুধবারের মধ্যে যুক্তি উপস্থাপন শুরু করে দুই দিনের মধ্যে তা শেষ করতে হবে। আর বুধবার যুক্তি শুরু করতে না পারলে যুক্তি উপস্থাপন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ট্রাইব্যুনাল। পরে এ মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় গত ২৪ মার্চ। রাষ্ট্রপক্ষ চার দিন ধরে যুক্তি উপস্থাপন করে। গত ৩১ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তিতে কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।