কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির দাবি জানাল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের চতুর্থ ও শেষ দিনে গতকাল রোববার এ দাবি জানানো হয়। যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, আলবদর বাহিনী হলো ‘নেকড়ে’ আর কামারুজ্জামান হলেন ওই ‘নেকড়েদের রাজা’।বিচারপতি মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষে গতকাল যুক্তি দেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও তুরিন আফরোজ। আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।প্রথমে যুক্তি দেন তুরিন আফরোজ। তিনি বলেন, শোনা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ও মূল্যায়নের বিষয়টি প্রথম ও সপ্তম অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম অভিযোগ বদিউজ্জামান হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ফকির আবদুল মান্নান ও ষষ্ঠ সাক্ষী মো. হাসানুজ্জামান সাক্ষ্য দিয়েছেন। চতুর্থ সাক্ষী শুনেছেন প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন ও সাইদুর রহমানের কাছ থেকে। মকবুল ও বদিউজ্জামানকে অপহরণ করে আহমেদনগর সেনা ক্যাম্পে নেওয়া হয়েছিল, মকবুল শেষ ব্যক্তি, যিনি বদিউজ্জামানকে জীবিত দেখেন। ওই দুজনকে আহমেদ আলী মেম্বারের বাড়ি থেকে কামারুজ্জামান ও তাঁর সঙ্গীরা ধরে নিয়ে যেতে দেখেন সাইদুর। রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী বদিউজ্জামানের আপন ভাই ও আহমেদ আলী মেম্বারের জামাতা। তিনি ঘটনা শুনেছেন শ্বশুরবাড়ির লোকজনের কাছে।সপ্তম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. হামিদুল হক ও ১৫তম সাক্ষী দবির হোসেন ভূঁইয়া ওই ঘটনা শুনেছেন। তাঁদেরও ঘটনার শিকার ব্যক্তিদের সঙ্গে একই কক্ষে আটক রাখা হয়েছিল। তিনি বলেন, এখানে ৪২ বছর আগের ঘটনার বিচার হচ্ছে। এখানে অনেক ক্ষেত্রেই ঘটনার সরাসরি সাক্ষী পাওয়া যায় না। সে ক্ষেত্রে কোনো সাক্ষী যদি নির্ভরযোগ্য সূত্র থেকে ঘটনা জানেন বা শোনেন, তাহলে তাঁর সাক্ষ্য অবশ্যই গ্রহণযোগ্য হবে। প্রথম ও সপ্তম অভিযোগের ক্ষেত্রে সাক্ষীরা নির্ভরযোগ্য সূত্র থেকে ঘটনা শুনেছেন। সাবেক যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকটি মামলার উল্লেখ করে তিনি বলেন, এসব মামলায় বলা হয়েছে, শোনা সাক্ষী অগ্রহণযোগ্য নয়। এই ট্রাইব্যুনাল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায়ের ক্ষেত্রেও শোনা সাক্ষ্য আমলে নিয়েছিলেন।তুরিন আফরোজ বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে নির্যাতন করার। এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে ‘অন্যান্য অমানবিক কাজের’ মধ্যে পড়ে। তিনি বলেন, ‘শিক্ষক একটি জাতির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সেখানে আবদুল হান্নানের মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা দিয়ে, মুখে চুনকালি মাখিয়ে, কোমরে রশি বেঁধে ঘোরানো হয়েছে। কারণ, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক। মানুষের যে শিক্ষাগুরু তাঁকে এভাবে অপমান করার অর্থ হচ্ছে গোটা মানবতাকে অপমান করা। তাই সৈয়দ আবদুল হান্নানের প্রতি এ অবিচারকে অবশ্যই অমানবিক কাজ বলা যায়।’তুরিন আফরোজ বলেন, ‘এ মামলায় রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষীর সাক্ষ্যে ঘটনার তারিখে পার্থক্য রয়েছে। ৪২ বছর পরে এটা হতে পারে। আমরা দুই সপ্তাহ আগের ঘটনার সুনির্দিষ্ট তারিখ বা সময় ঠিকভাবে বলতে পারি না। সেখানে ৪২ বছর আগের ঘটনা বলতে গিয়ে ঘটনার তারিখ বা সময় সঠিকভাবে বলা অনেক কষ্টসাধ্য। এ মামলার বিচারের ক্ষেত্রে তাই সঠিক তারিখের চেয়ে ঘটনার বর্ণনা বেশি গুরুত্বপূর্ণ।’ কামারুজ্জামানের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের বিষয়ে যুক্তিতে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে, কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদরের নেতা ছিলেন। সাক্ষ্যে প্রমাণিত হয়েছে, কামারুজ্জামানের নেতৃত্বে, পরামর্শে ও সিদ্ধান্তে আলবদররা বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছে।এই কৌঁসুলি বলেন, নেকড়ে বেশির ভাগ ক্ষেত্রে হামলার জন্য অপেক্ষাকৃত দুর্বল শিশু, নারী ও বৃদ্ধদের বেছে নেয়। তেমনি আলবদররা একাত্তরে মুক্তিকামী নিরস্ত্র বাঙালিকে বেছে নিয়েছিল। এ ক্ষেত্রে আলবদররা হলো নেকড়ে আর কামারুজ্জামান হলেন ওই নেকড়েদের রাজা। তাই রাজারও বিচার হতে হবে।এরপর যুক্তিতে সৈয়দ হায়দার আলী বলেন, একাত্তরের ৩১ ডিসেম্বর প্রকাশিত দুটি পত্রিকার প্রতিবেদন অনুসারে, কামারুজ্জামান আলবদর নেতা হিসেবে একাত্তরের ২৯ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। একই ধরনের তথ্য গোয়েন্দা প্রতিবেদনেও আছে। আসামিপক্ষের চতুর্থ সাক্ষী আসামির বড় ভাই কফিল উদ্দিনও কামারুজ্জামানের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। আসামিপক্ষ যেসব নথি ও সাক্ষ্য দিয়েছে, তাতে অপরাধের সঙ্গে কামারুজ্জামানের সংশ্লিষ্টতা মিথ্যা প্রমাণিত হয়নি।শেষ পর্যায়ে হায়দার আলী বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২ এপ্রিল (মঙ্গলবার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।