ইব্রাহিম হত্যা মামলা ‘হত্যা করার পরের সব কাজ ছিল অস্বচ্ছ। কামালের দায়ের করা অপমৃত্যুর মামলার বক্তব্য আর জিজ্ঞাসাবাদের বক্তব্যে মিল নেই’
কামাল ও সোহেল তিন দিনের রিমান্ডে
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ভোলা-৩ আসনের সরকার দলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা ও সাংসদের ব্যক্তিগত সহকারী সোহেলকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গতকাল সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কামাল ও সোহেলকে মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ইব্রাহিম যে অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন, ওই অস্ত্রে আঙুলের ছাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।ডিবি পুলিশ গত রোববার কামাল ও সোহেলকে গ্রেপ্তার করে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।ওই দুজনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইব্রাহিম ১৩ আগস্ট বিকেল চারটা ৩৫ মিনিটের পরই খুন হন। ওই সময় পর্যন্ত তাঁর মোবাইল ফোন সচল ছিল। তাঁরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ইব্রাহিমকে একটি মাইক্রোবাসে করে প্রথমে পুরান ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। মাইক্রোবাসটি এনেছিলেন যুবলীগের নেতা মিঠু। এ মাইক্রোবাসে করেই পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ইব্রাহিমকে কে গুলি করেছে—এ প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, তাঁদের সন্দেহ সাংসদের গাড়িচালক কামালই গুলি করেছেন। তবে এ বিষয়টি তাঁরা নিশ্চিত হতে পারেননি। কামাল এ ব্যাপারে এখনো কোনো তথ্য দেননি।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান বলেন, এটা কখনোই অপমৃত্যুর ঘটনা ছিল না, এটা হত্যার ঘটনা। হত্যা করার পরের সব কাজ ছিল অস্বচ্ছ। কামালের দায়ের করা অপমৃত্যুর মামলার বক্তব্য আর জিজ্ঞাসাবাদের বক্তব্যে মিল নেই।