কামাল মজুমদার সংসদের অবমাননা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তাঁর লোকজনের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার টিআইবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।গতকাল মঙ্গলবার রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে বেসরকারি টেলিভিশন আরটিভির এক নারী সাংবাদিক আহত হন। এ ঘটনায় সাংসদ ও তাঁর লোকজনের হামলায় আরও একজন নারী সাংবাদিকসহ চারজন লাঞ্ছিত হন।এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও সুশাসনের পূর্বশর্ত। গণমাধ্যমের কর্মীরা প্রতিবেদন তৈরি ও প্রকাশে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়ে জনগণের কাছে যেন সঠিক তথ্য পৌঁছে দিতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও জনপ্রতিনিধিদের। অথচ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের দুর্নীতির অভিযোগবিষয়ক প্রতিবেদন তৈরিতে বাধা প্রদান এবং সাংবাদিকের ওপর হামলা করে সাংসদ গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ করেছেন। তিনি মহান জাতীয় সংসদের অবমাননা করেছেন এবং জনপ্রতিনিধি হিসেবে তাঁর নৈতিক যথার্থতা প্রশ্নবিদ্ধ করেছেন। এরূপ আচরণ গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার সরকারি নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ পরিপন্থী। তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতার অমর্যাদা ক্ষমতাসীন দলের জন্য আত্মঘাতীমূলক। বিশেষ করে একজন পেশাজীবী নারী সাংবাদিকের প্রতি এরূপ অশোভন আচরণ অমার্জনীয় অপরাধ।’ এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান জরুরি বলে মনে করে সংস্থটি।ইফতেখারুজ্জামান আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফিয়ের নীতিমালা লঙ্ঘন করে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা বেআইনি, অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়ে সাংবাদিকদের স্কুলচত্বরে প্রবেশে বাধা দেওয়া কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার শামিল। সাংসদদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং সভাপতির পদ দখলের মাধ্যমে এ ধরনের ক্ষমতার অপব্যবহার ও যথেচ্ছাচারের সব সুযোগ আইনগতভাবে নিষিদ্ধের আহ্বান জানায় টিআইবি।একদিকে শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা খাতে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি জনমনে আশার সঞ্চার করেছে, অন্যদিকে এ ধরনের ঘটনায় সরকারের প্রতি জনগণের আস্থার সম্ভাবনা ধূলিসাত্ হওয়ার সম্মুখীন।অতি শিগগিরই এ ঘটনার তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানিয়েছে টিআইবি।