কামাল মজুমদারের প্রতিবাদ এবং প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার প্রথম আলোর প্রথম পাতায় ‘সাংসদ কামাল মজুমদারের দখলবাজি, হাসপাতালের জায়গায় পোশাক কারখানা!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।প্রতিবাদপত্রে সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দখল ও চাঁদাবাজির কোনো নজির নেই। এলাকার জনগণের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের সংবাদ ছাপানো হয়েছে। আমার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে সংসদ সদস্যপদ ত্যাগ করব।’কামাল মজুমদার জানান, ১৯৯৬ সালে শিল্প প্লটের জন্য আবেদন করলে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কমিশনার কার্যালয় থেকে তাঁকে ৭৫৫ দশমিক ৭৭ বর্গগজ জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু টাকা পরিশোধ করার পরও জমি বা প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। এর পর থেকে একটি বিকল্প প্লট খোঁজা শুরু করেন তিনি।প্রতিবাদে বলা হয়, ‘কথিত পাঁচ কাঠার প্লটটি অন্যের দখলে থাকা অবস্থায় এলাকার নেতারা বিকল্প প্লট হিসেবে নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেন। তাঁরাই নিজেদের উদ্যোগে সেখানে সাইনবোর্ড স্থাপন করেন। আমি এখন পর্যন্ত জায়গাটি দেখতেও যাইনি। তাই হাসপাতালের নামে বরাদ্দকৃত জায়গা আমার দখল করার কোনো প্রশ্নই আসে না।’প্রতিবাদপত্রে দাবি করা হয়, চাহিদা-পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর গৃহায়ণ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীকে ১/১ সংলগ্ন খালি প্লটটি বরাদ্দ প্রসঙ্গে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের পত্রে উল্লেখ করেছে, প্লটটি খালি অর্থাৎ কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। সাংসদ বলেন, ‘এ অবস্থায় কীভাবে আমি হাসপাতালের জায়গা দখল করলাম সেটাই আমার প্রশ্ন।’ তাঁর মতে, প্রথম আলো মিথ্যা, ভিত্তিহীন প্রতিবেদন ছেপে এলাকার জনগণসহ দেশবাসীর সামনে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে।প্রতিবেদকের জবাব: আহ্ছানিয়া মিশনকে দেওয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দপত্রসহ আনুষঙ্গিক নথি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাংসদ কামাল মজুমদারের বক্তব্যসহ সম্পূর্ণ সত্য তথ্যের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনে সাংসদ কামাল মজুমদারের যেসব বক্তব্য ছাপা হয়েছে, প্রতিবাদপত্রে তিনি তা অস্বীকার করেননি। তিনি প্রথম আলোর সঙ্গে আলাপকালে জায়গাটি দখলে নেওয়ার কথা অস্বীকার করেননি। বরং বলেছিলেন, ‘আহ্ছানিয়া মিশন জায়গা পাবে আর এলাকার এমপি পাবে না, তা হতে পারে না।’সাংসদ প্রতিবাদপত্রে বলেছেন, ‘এলাকার নেতারা বিকল্প প্লট হিসেবে নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেন। তাঁরাই নিজেদের উদ্যোগে সেখানে সাইনবোর্ড স্থাপন করেন। আমি এখন পর্যন্ত জায়গাটি দেখতেও যাইনি।’ তাঁর এই বক্তব্যই প্রমাণ করে, তিনি ওই প্লট বরাদ্দ পাননি, দখলে নিয়েছেন।ওই প্লটে সাংসদের অজান্তে অন্য কেউ যদি তাঁর প্রতিষ্ঠান নাভিলা ফ্যাশন লিমিটেডের সাইনবোর্ড লাগিয়ে থাকে, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তা হয়তো নামিয়ে ফেলা হতো। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই সাইনবোর্ডটি সেখানেই লাগানো ছিল।মিছিল: এদিকে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে মিরপুরে মিছিল বের করেন কামাল মজুমদারের লোকজন। মিরপুর প্রধান সড়কে মিছিল-সমাবেশ করে প্রথম আলোর বিষোদ্গার করেন তাঁরা। মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা-১৫ আসনের জনগণ। মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রধান সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘এমপি সাহেবকে দেওয়া এই জমি যেকোনো মূল্যে রক্ষা করব।’ মিছিল ১৪ নম্বর সেকশন সড়ক ঘুরে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত যায়।