কামাল হোসেনের মতে, গোপন বিচারে তাহেরের ফাঁসি আসলে নাটক
গোপনে বিচার করে কর্নেল তাহেরকে ফাঁসির দণ্ড দেওয়ার ঘটনাকে আইনজীবী ড. কামাল হোসেন নাটক বলে অভিহিত করেছেন । তিনি বলেছেন, ‘১৯৭৬ সালে একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটে। তাহেরকে জীবন দিতে হয়। এটা জাতীয় লজ্জার বিষয়। মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা এই মাটিতে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আমরা তাঁকে সম্মান দিচ্ছি এটা নয় বরং তিনি নিজেই নিজের সম্মান অর্জন করেছেন।’আজ বুধবার কর্নেল তাহেরের গোপন বিচার নিয়ে করা রিটের চূড়ান্ত শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে কামাল হোসেন এসব কথা বলেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। কামাল হোসেন আরও বলেন, কর্নেল তাহেরকে আটক করে ছয় মাস একা রাখা হয়েছিল। তাঁকে কোনো আইনগত সহায়তা দেওয়া হয়নি। কারাগারে নাটকীয়ভাবে তাঁর বিচার করা হয়। বিচারের সময় যে বক্তব্য তুলে ধরা হয় রায়ে কিন্তু তার প্রতিফলন ছিল না বলে জেনেছি। তথাকথিত ওই নাটকের এখনো বিচার হয়নি। উদ্দেশ্যমূলকভাবে বিচার করা হয়েছিল। তিনি এ বিচারকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণার আরজি জানান। শুনানির একপর্যায়ে আদালত বলেন, মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ আদালতের অনুরোধে বক্তব্য দিতে এসেছেন। প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিতের জন্য আদালত যে কাউকে শুনতে পারে। এ নিয়ে বিরূপ মন্তব্য দুঃখজনক।১৪ মার্চ লিফশুলজ হাইকোর্টের ওই বেঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন, গোপন আদালতের বিচারে লে. কর্নেল এম এ তাহেরের মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকর করা ছিল হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত একজনের নাম বলতে হলে তিনি হলেন জিয়াউর রহমান। বিচারের আগেই তিনি তাহেরের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ২০ জানুয়ারি হাইকোর্ট তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বক্তব্য রাখতে মার্কিন সাংবাদিক লিফশুলজকে অনুরোধ জানান। ২৬ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তাঁকে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে যোগাযোগ করতেও বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্টরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তবে ইতিমধ্যে তিনি ই-মেইলে জানান, ‘ছেলের অসুস্থতা ও একটি পারিবারিক কারণে ফেব্রুয়ারির শেষ ভাগের আগে ঢাকায় উপস্থিত হওয়া সম্ভব নয়। ই-মেইলে লিফশুলজের পাঠানো বক্তব্য ৩ ফেব্রুয়ারি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি তিনি দুই সপ্তাহের মধ্যে ঢাকায় আসার কথা জানান। ১৪ মার্চ আদালতে হলফনামা আকারে নিজ বক্তব্য তুলে ধরেন। লিফশুলজ ১৯৭৬ সালে হংকংভিত্তিক পত্রিকা ‘ফার ইস্টার্ন ইকনোমিক রিভিউ’-এর দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন।