কায়রোয় হামাস-ফাতাহর বৈঠক আজ
মিসরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনির বিবদমান দুই পক্ষ হামাস ও ফাতাহর শীর্ষ নেতারা আজ বুধবার বৈঠকে বসছেন। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মধ্যস্থতায় ফিলিস্তিনি রাষ্ট্রের নেতা ও ফাতাহ-প্রধান মাহমুদ আব্বাস ও হামাস-প্রধান খালেদ মেশালের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।২০১১ সালে হামাস ও ফাতাহর মধ্যে সম্পাদিত ঐক্যচুক্তির বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। প্রেসিডেন্ট মুরসির সঙ্গে তিন দফা বৈঠকের আগে মিসরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন আব্বাস ও মেশাল।নির্বাচনে জয়ী হয়ে ২০০৭ সালে গাজা থেকে ফাতাহকে বের করে করে দেয় হামাস। তবে সাম্প্রতিক সময়ে পক্ষ দুটির মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। ২০০৭ সালের পর গত শনিবার গাজায় সমাবেশ করার অনুমতি পায় ফাতাহ। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরে পশ্চিম তীরে হামাসের সমর্থকেরা তাদের আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সাম্প্রতিক এক ভাষণে হামাসের নেতা মেশাল দুই পক্ষের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দেন।