কায়রোর জাদুঘর থেকে ভ্যান গগের মূল্যবান চিত্রকর্ম উধাও
মিসরের রাজধানী কায়রোর মাহমুদ খলিল জাদুঘর থেকে চুরি যাওয়া কিংবদন্তি চিত্রশিল্পী ভ্যান গগের মহামূল্যবান চিত্রকর্মটি এখনো উদ্ধার হয়নি। গতকাল শনিবার কায়রোর এই জাদুঘর থেকে চিত্রকর্মটি চুরি হয়ে যায়। খবর বিবিসি অনলাইনের।এর আগে মিসরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফারুক হোসনি বলেছিলেন, ভ্যান গগের চিত্রকর্ম চুরির অভিযোগে কায়রো বিমানবন্দর থেকে দুজন ইতালীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে একটি ‘ক্যানভাস’ পাওয়া গেলেও ভ্যান গগের চিত্রকর্মটি পাওয়া যায়নি।গতকাল শনিবার মাহমুদ খলিল জাদুঘর থেকে ভ্যান গগের একটি চিত্রকর্ম ফ্রেমের মাঝখান থেকে কেটে সরিয়ে ফেলা হয়। এ চিত্রকর্মটি উদ্ধারের জন্য কায়রো পুলিশ গতকালই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সেই অভিযানের অংশ হিসেবেই দুই ইতালীয় নাগরিককে আটক করা হয়। এরা দুজনেই শনিবার সকালে কায়রোর মাহমুদ খলিল জাদুঘর পরিদর্শন করেছিলেন।ইতালির একটি সংবাদ সংস্থা আনসা দাবি করেছে, আটক হওয়া দুই ইতালীয় বয়সে অত্যন্ত তরুণ। তারা একটি শিক্ষা সফরকারী দলের অংশ হিসেবে কায়রো ভ্রমণ করছিলেন।উল্লেখ্য, ভ্যান গগের চিত্রকর্মটিই ১৯৭৮ সালে একই জাদুঘর থেকে চুরি গিয়েছিল। পরে ১৯৮৮ সালে তা কুয়েত থেকে উদ্ধার করা হয়।