কায়সারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে আজ মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কাল বুধবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ বিকেল চারটার দিকে কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে জানান, সৈয়দ কায়সার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়ার পর পুলিশ তাঁকে সরাসরি ট্রাইব্যুনালে হাজির করে। কায়সারের আইনজীবী এস এম শাহজাহান জানান, আসামি কায়সার গুরুতর অসুস্থ। তাঁর জামিনের জন্য আবেদন করা হয়েছে। পরে ট্রাইব্যুনাল জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করে কায়সারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৫ মে রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেছিলেন, একাত্তরে কায়সার ‘কায়সার বাহিনী’ নামে একটি দল গঠন করেন। তিনি শান্তি কমিটির নেতা ছিলেন। তিনি ও তাঁর দল মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনীকে মুক্তিযুদ্ধবিরোধী কাজে সহায়তা করে। তিনি হবিগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণহত্যা, হত্যা, লোকজনকে ধর্মান্তর করাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন।