কার আলো লাগবে চোখে
আধুনিক ফুটবল যেন ছক আর কৌশলের খোলসে বন্দী। তবু প্রতিটি বিশ্বকাপেই চোখে পড়ে কিছু না কিছু ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এবার সেই ঝলক দেখাবেন কারা? লিখেছেন খলিলুর রহমানবিশ্বকাপের প্রস্তুতি আর ভাবনায় নিশ্চয়ই কিছু বাকি রাখেননি! নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে একজন নিখাদ ফুটবলপ্রেমীর তা বাকি থাকার কথাও নয়। অপেক্ষার এই প্রহরে একটা কৌতূহলী প্রশ্নেরই ভাবনারাজ্যে ঘুরপাক, কে জিতবে বিশ্বকাপ।সত্তরে পেলে, চুয়াত্তরে ইয়োহান ক্রুইফ, ছিয়াশিতে ডিয়েগো ম্যারাডোনা—বিশ্বকাপের এই আসরগুলো ছিল একক নৈপুণ্যের চোখ-ধাঁধানো প্রদর্শনী। এখনকার ফুটবলেও ব্যক্তিগত নৈপুণ্যের ঝলসানি হয়তো দেখা যায়। তার পরও একক নৈপুণ্য এখন সামগ্রিকভাবে ফল নির্ধারক হয়ে ওঠে খুব কমই। দলগত প্রচেষ্টাই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় শিরোপার গতিপথ। একক ব্যক্তি-নৈপুণ্য থেকে দূরে সরে এসে আধুনিক ফুটবল এখন অনেক বেশি ছকনির্ভর, কৌশলনির্ভর, সমন্বিত দলীয় প্রচেষ্টার মহড়া। বিশ্ব ফুটবলের বিগত বড় টুর্নামেন্টগুলোই হতে পারে এর সবচেয়ে ভালো উদাহরণ। যেখানে মহাতারকাদের পারফরমেন্সও ছিল দলীয় সমন্বয়ের সুতোয় গাঁথা। একটু পেছনে ফিরে ২০০৬-এর জার্মানি বিশ্বকাপের দিকে তাকানো যাক। সেবারও টুর্নামেন্টের শুরুতে সমস্ত আলোচনাই ছিল পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডের স্টিফেন জেরার্ড, আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা ব্রাজিলের রোনালদিনহো, কাকাদের ঘিরে। বলা হচ্ছিল, এই তারকারাই হবে দলের ভাগ্যনির্মাতা। কিন্তু একক কোনো নৈপুণ্য নয়; দলবদ্ধ খেলে বিশ্বকাপ ঘরে তুলে নিল ইতালিই।দুই বছর পর অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের ইউরো চ্যাম্পিয়নশিপেও একই ঘটনার পুনরাবৃত্তি। তারকায় ঠাসা স্পেন শিরোপা জিতল ঠিকই, কিন্তু এবারও যৌথ প্রচেষ্টার ফসল। এই সহজ সিদ্ধান্তে চলে আসাই স্বাভাবিক, ২০১০ বিশ্বকাপও শেষ পর্যন্ত দলগত প্রচেষ্টার জয়গানই গাইবে।কিন্তু হূদয়ে দাগ কেটে রাখতে অবশ্যই এই ছক বাঁধা, গোছালো ফুটবলকে পাশে নিয়েই দরকার ব্যক্তি-নৈপুণ্যেরও। ফুটবলবোদ্ধারা তাই মনে করছেন, গত দুই দশকে এবারই প্রথম আবার কোনো বিশ্বকাপ হবে, যেখানে একজন খেলোয়াড় ঘুরিয়ে দেবেন ম্যাচের মোড়। ফুটবল মহলে এই আলোচনাটা উসকে দিয়েছেন কাকা-মেসি-রোনালদোদের মতো অসামান্য প্রতিভাবান ফুটবলাররা। বিগত দুই-তিন বছরে এই এঁরা এতটাই আলো ছড়িয়েছেন, অনেকে এখনই তাঁদের নিয়ে আসতে চান পেলে-ম্যারাডোনা-ক্রুইফদের মতো সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায়।এই তিনজন তো আছেনই। পায়ের কারুকাজ আর ব্যতিক্রমী দক্ষতায় নিজেকে এবং নিজের দেশকে আলাদা করার মতো আরও অনেকেই আছেন এবারের বিশ্বকাপে। ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি, হল্যান্ডের আরিয়েন রোবেন, ইংল্যান্ডের ওয়েইন রুনি। আছেন জার্মানির মার্কো মার্টিন এবং মেসুত অজিলও। এঁদের যে কেউই হয়ে উঠতে পারেন বিশ্বকাপের একক নায়ক। সামর্থ্যের দৃষ্টান্ত স্থাপনে হয়ে উঠতে পারেন অন্যদের চেয়ে আলাদা। সর্বোপরি গড়ে দিতে পারেন বিশ্বকাপের ভাগ্য। নিজেকে বিশেষ রূপে উপস্থাপনের সামর্থ্য অনেকেরই আছে বটে; তবে মেসির নামটিই উচ্চারিত হচ্ছে বেশি। ’৮৬-তে দলকে প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। ফুটবলপ্রেমীদের, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের চোখে প্রত্যাশার ছবি—এবারের বিশ্বকাপ হবে মেসির বিশ্বকাপ। ’৮৬-র নায়ক স্বয়ং ম্যারাডোনাও আছেন এই দলে। মেসি কি পারবেন, জাদুকরি ফুটবলের পসরায় ফুটবল বিশ্বের মোহ কাটাতে? দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে মেসি আর্জেন্টাইনদের শুনিয়ে গেছেন প্রতিশ্রুতির বাণী, তিনি পারবেন। আর্জেন্টাইনদের আরেকটি বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার লক্ষ্য বুকে বেঁধেই বিশ্বকাপে যাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বার্সেলোনার মেসি’কেই এবার ‘আর্জেন্টিনার মেসি’ হয়ে উঠবেন। সময়ের সেরা ফর্মে আছেন বলে মেসিকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। কিন্তু মনে রাখবেন, রোনালদো, রুনি, কাকারাও যেকোনো বড় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই। গতবার জিনেদিন জিদান যেমন ঝলক দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত ওই দল ইতালির জয়। কিন্তু এবারের গল্পটা অন্য রকম হবে বলেই পূর্বাভাস।