কার সাহায্যে অর্থ আত্মসাৎ, জানতে চাইবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে আজ মঙ্গলবার প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। দুদকের তদন্ত দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীসহ ছয়জন সদস্য তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তানভীর ও তুষারকে আবার রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বেলা একটা ১০ মিনিটের দিকে তাঁদের রমনা থানা থেকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। এদিকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘তানভীর ও তুষারকে জিজ্ঞাসাবাদের মূল বিষয় হলো আত্মসাত্কৃত অর্থ কার কার সাহায্যে আত্মসাৎ করা হলো। এ ছাড়াও এই টাকা কোথায় আছে, কী অবস্থায় আছে, কতটুকু পাচার করা হয়েছে বা বিদেশে পাচার করা হয়েছে কি না, তা-ও জিজ্ঞাসাবাদে তাঁদের কাছে জানতে চাওয়া হবে।’গতকাল সোমবার চারটি মামলায় তানভীর মাহমুদকে ২৯ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।এর মধ্যে দুদকের করা ১১টি মামলার মধ্যে তিনটিতে তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে ২৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এ ছাড়া পল্লবী থানায় র্যাবের করা অস্ত্র মামলায় তানভীরকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।আদালতে উপস্থাপনের আগে গতকাল দুপুরে তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে নেওয়া হয় দুদক কার্যালয়ে। সেখানে প্রায় পৌনে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদক সূত্র জানায়, গতকালের জিজ্ঞাসাবাদে তানভীর স্বীকার করেছেন, পুরো অর্থ লোপাটের বিষয়টি পরিকল্পনামাফিক এবং ‘অনিয়মের’ মাধ্যমেই হয়েছে।