কারও অন্যায় প্রভাব বরদাস্ত করা হবে না: সোহেল তাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, দেশের উন্নয়নে ব্যাঘাত ও সরকারকে বিব্রত করার জন্য দলের কোনো লোক অন্যায় প্রভাব খাটালে তা বরদাস্ত করা হবে না। জমি দখলকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যাতে সাধারণ মানুষকে হয়রানি ও দুর্ভোগ পোহাতে না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সোহেল তাজ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাঁকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছেন, তা বাস্তবায়নে তিনি সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও ১১ ইউনিয়নের চেয়ারম্যান।সভার পর সোহেল তাজ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ত্রাণভান্ডার থেকে ২২টি দরিদ্র পরিবারের মধ্যে ৪০ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।