রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও মোড়ের দিকে যাচ্ছিলেন শিবিরের শ দুয়েক কর্মী। পেছনে জনা পঞ্চাশেক পুলিশের সদস্য। শিবিরের কর্মীরা একের পর এক গাড়ি ভাঙছেন আর পুলিশের সদস্যরা দাঁড়িয়ে দেখছেন।সার্ক ফোয়ারার মোড়ে এসে শিবিরের কর্মীরা পুলিশের এক সার্জেন্টের মাথা ফাটিয়ে দেন। জ্বালিয়ে দেন তাঁর মোটরসাইকেলও। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া আইনমন্ত্রীর গাড়িবহরও হামলার মুখে পড়ে। তবু দর্শক পুলিশ। হামলা ও গাড়িতে আগুন দিয়ে শিবিরের কর্মীরা চলে যাওয়ার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। আহত সার্জেন্ট আজিজুল ইসলামকে নেওয়া হলো হাসপাতালে।গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও মোড়ের দৃশ্য ছিল এমনই। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস-ফেরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ফার্মগেট এলাকায় একটি মিছিল বের করেন। সেখানে আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু কর্মী তাঁদের প্রতিরোধ করার চেষ্টা করলেও শিবিরের মারধরের একপর্যায়ে তাঁরা পিছু হটেন। এরপর শিবিরের কর্মীরা মিছিল-স্লোগান দিয়ে নির্বিঘ্নে এগোতে থাকেন কারওয়ান বাজারের দিকে।এটিএন নিউজের সামনে এসে শিবিরের কর্মীরা সেখানে থাকা দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এটিএন নিউজের সম্পাদক (আউটপুট) প্রণব সাহা প্রথম আলোকে জানান, তাঁদের কার্যালয়ের সামনে রাখা দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর কারওয়ান বাজারে প্রজাপতি গুহার (আন্ডারপাস) মুখে রাস্তায় আগুন দেন শিবিরের কর্মীরা। সেখান থেকে সোনারগাঁওয়ের মোড়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আজিজুল ইসলামের মাথা ফাটিয়ে পান্থপথের দিকে এগোতে থাকেন তাঁরা। মোড়ের সামনে থাকা পুলিশের একটি পিকআপ উল্টে আগুন ধরানোর চেষ্টা করেন শিবিরের কর্মীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশের কনস্টেবল হাদিস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শত শত শিবিরের কর্মী ইটপাটকেল নিয়ে এগিয়ে আসছিল। আমাদের স্যার সোনারগাঁও মোড়ের ট্রাফিক কার্যালয়ের সামনে ছিলেন। তিনি মিছিল থেকে মোটরসাইকেলটি সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু শিবিরের কর্মীরা তাঁর মাথা ফাটিয়ে দেয়। এরপর তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’সার্ক ফোয়ারার মোড়ে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব আকসির এম চৌধুরীর মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো-চ-৫১-৪৪-০৮) ভাঙচুর করা হয়। আকসির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয় রূপসী বাংলা হোটেল থেকে একটি অনুষ্ঠান শেষ করে বাংলামোটর হয়ে ফিরছিলেন। সামনে পুলিশের গাড়ি, এরপর মন্ত্রীর গাড়ি, তারপর আমার গাড়ি ছিল। আমাদের গাড়িগুলো সার্ক ফোয়ারার মোড়ে এলে উল্টো দিক থেকে শিবিরের কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। মন্ত্রীর গাড়ি নিরাপদে গেলেও আমাদের গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলায় মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশের কনস্টেবল নূর আলম, এনামুল ও সোহেল আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’কারওয়ান বাজার থেকে চলে যাওয়ার সময় শিবিরের কর্মীরা পান্থপথে ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে চাপাতি দিয়ে কোপান। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর প্রতিবাদে যুবলীগ সন্ধ্যায় কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল করে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘শিবিরের কর্মীরা সব জায়গায় তাণ্ডব চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি মিছিল নিয়ে এসে সার্ক ফোয়ারার সামনে তারা পুলিশের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। গাড়িতে আগুন দিয়েছে।’ পুলিশের কি কোনো প্রস্তুতি ছিল না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ছিল। এ কারণে আগে থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন ছিল।’প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, শিবিরের কর্মীরা মিছিল নিয়ে চলে যাওয়ার পর কারওয়ান বাজার ও এর আশপাশের এলাকা থেকে অনেক সাধারণ মানুষকে আটক করে পুলিশ। এমনকি নামাজ পড়তে আসা পাঞ্জাবি পরা কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়। তবে তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত সন্দেহে তারা ১৬ জনকে আটক করেছে। এদিকে আইনমন্ত্রীর গাড়িবহরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। তারা এ ঘটনার বিচারও দাবি করেছে।