কারওয়ান বাজার থেকে ৩০০০ বস্তা চাল-গম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের চারটি প্রতিষ্ঠানের গুদাম থেকে আজ রোববার প্রায় তিন হাজার বস্তা সরকারি চাল ও গম উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় খাদ্য অধিদপ্তরের এক গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, এগুলো খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) বরাদ্দ করা চাল ও গম। অন্যদিকে গ্রেপ্তার হওয়া একজন জানিয়েছেন, উদ্ধার করা চালের কিছু অংশ রেশনের (সরকারি বাহিনীর সদস্যদের জন্য) চাল।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খাদ্য অধিদপ্তর টাঙ্গাইলের গাড়িচালক মোস্তাফিজুর রহমান ও এসএন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। চালগুলোর একটি অংশ টাঙ্গাইলের সরকারি গুদাম থেকে এসেছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-২-এর মেজর এরশাদুল হকের নেতৃত্বে একটি দল আজ দুপুর থেকে অভিযান শুরু করে। এর মধ্যে পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের এসএন এন্টারপ্রাইজ, শফিক এন্টারপ্রাইজ, এইচএম এন্টারপ্রাইজ ও ফেয়ার ট্রেডার্সের মোট নয়টি গুদাম থেকে এ চালগুলো উদ্ধার করা হয়। প্রথমে এসএন এন্টারপ্রাইজের একটি গুদাম থেকে ২০০ বস্তা, পরে এর আরও দুটি গুদাম থেকে প্রায় ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়। একটু পরই আবার পাশের শফিক এন্টারপ্রাইজের গুদামে আরও ৬০০ বস্তার মতো চাল পাওয়া যায়। এভাবে একের পর এক গুদাম খুলতেই বেরিয়ে আসে সরকারি মনোগ্রামসহ চালের বস্তা। এ চারটি প্রতিষ্ঠানের কোনোটির মালিককেই পাওয়া যায়নি।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মেজর এরশাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কারওয়ান বাজারের অভিযান শুরু করেন। প্রথমে এসএন এন্টারপ্রাইজ থেকে গ্রেপ্তার করা হয় ব্যবস্থাপক জাহাঙ্গীরকে। একটু পরেই ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় মোস্তাফিজুরকে। তিনি জানান, খোলাবাজারে বিক্রির এ চালগুলো অবৈধভাবে এনে বিক্রি করছিল এ প্রতিষ্ঠানগুলো।তবে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা চালগুলোর এক অংশ রেশনের চাল। গত সপ্তাহে পিলখানা (বিজিবি) থেকে নয় টন রেশনের চাল আসে। এগুলোর কাগজপত্রও রয়েছে। এরপর এ সপ্তাহে আরও ১০ টন চাল এসেছে। তবে এগুলো কোত্থেকে এসেছে, তা তিনি জানেন না। সরকারি বস্তা পাল্টে সাধারণ বস্তায় চাল ঢোকানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারি সিল মারা বস্তা সাধারণ মানুষ কিনতে চায় না। তাই এগুলো সাধারণ বস্তায় ঢোকানো হচ্ছে।