কারওয়ানবাজারে আমে ক্যালসিয়াম কার্বাইড, বিপুল পরিমাণ ফল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল না পাকাতে হাইকোর্টের কঠোর নির্দেশ থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম, কাঁঠাল ও কলা রাসায়নিক পদার্থ দিয়ে পাকাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, কার্বাইডযুক্ত ফল খেলে পাকস্থলী ও অন্তঃনালীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে।ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারের ফলের আড়তে অভিযান চালিয়ে পরীক্ষা করে আমে ক্যালসিয়াম কার্বাইড পান।অভিযানকালে ব্যবসায়ীরা পলাতক থাকলেও বাজারের পাঁচটি আড়ত থেকে প্রায় নয় হাজার ১৫০ কেজি আম জব্দ করেন আদালত। পরে সেগুলো ডেমরার ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।আজ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত কারওয়ানবাজারের আমেনা ট্রেডার্স, মেসার্স ঢাকা বাণিজ্যনালয়, দেশ-বিদেশ ফার্ম, তেজগাঁও ফার্ম ও শাহী ভান্ডার নামক পাঁচটি আড়তে অভিযান চালান। পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল ওই সব আড়তে আম পরীক্ষা করে তাতে ক্যালসিয়াম কার্বাইডের অস্তিত্ব পায়।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, পরীক্ষায় একটি আম পানিতে ডুবিয়ে পরে তাতে ক্যালসিয়াম নির্দেশক দেওয়া হয়। নিয়মানুযায়ী কার্বাইডের অস্তিত্ব থাকলে তা কিছুক্ষণ পর বিক্রিয়া করে সবুজ রং ধারণ করবে। আর তা না থাকলে সঙ্গে সঙ্গে সবুজ রং ধারণ করার কথা। তিনি বলেন, কার্বাইড ক্লোরোফিলকে ধ্বংস করে আমের সবুজ রংকে হলুদ রঙে পরিণত করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ক্যালসিয়াম কার্বাইড বেশি পরিমাণে শরীরে ঢুকলে মানুষের পাকস্থলী ও অন্ত্রনালীতে ক্যান্সার হতে পারে।ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশের পর ফলে রাসায়নিক পদার্থ রয়েছে কি না, তা পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।